দিঘলিয়ায় গোলাগুলি, আহত ৫
খুলনার দিঘলিয়ার বাগমারা গ্রামে গত বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা মফিজুল ইসলামের বাড়িতে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে গাজিরহাট ইউপি নির্বাচনে পরাজিত মোল্লা মফিজুল ইসলামের বাড়ির সামনে বিজয়ী রউফ মোল্লার সমর্থকদের সঙ্গে গোলাগুলি হয়। এ ঘটনায় মফিজুল ইসলামের সমর্থক শামিম মোল্লা (৩৫), রমজান মোল্লা (৩০), শোয়াইব মোল্লা (২৫) এবং বিপক্ষের রিপন মোল্লা (২৮) ও লিলি বেগম (৫০) গুলিতে আহত হন। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মোল্লা মফিজুল ইসলাম বলেন, ‘রাত নয়টার দিকে তিনটি মোটরসাইকেল এসে আমার বাড়ির দিকে পাঁচ-ছয়টি গুলি করে। এর পর তারা বাড়ির মধ্যে ঢুকে গালিগালাজ করতে করতে গুলি চালায়। তাদের গুলিতে আমার তিন ভাই গুলিবিদ্ধ হয়। আমার প্রতিপক্ষ রউফ মোল্লার লোকেরাই এ ঘটনা ঘটাতে পারে।’গাজিরহাট ইউপি চেয়ারম্যান রউফ মোল্লা বলেন, ‘ইউপি নির্বাচনের আগে মফিজুল ইসলামের সমর্থকেরা গাজিরহাট বাজারে চাঁদাবাজি করত। নির্বাচনে পরাজিত হওয়ার পর বাজারের ব্যবসায়ীরা তাদের আর চাঁদা দেন না। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে ব্যবসায়ীদের ওপর তারাই হামলা করেছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’