দিঘলিয়ায় দুই স্থানে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলায় দুটি স্থানে ফেরি চলাচল বন্ধ থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এর মধ্যে এক স্থানে নতুন ফেরি না দেওয়ায় এবং অন্য স্থানে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় দীর্ঘদিন ধরে যোগাযোগ বন্ধ রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চার ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করে। উপজেলার কামারগাতি গ্রামে হাতাই নদী এবং নগরঘাটায় ভৈরব নদ পারাপারের জন্য অনেক আগে দুটি ফেরি দেওয়া হয়। উপজেলার পূর্বপ্রান্তের কামারগাতি গ্রামের ফেরিঘাট দিয়ে স্থানীয় লোকজন খুলনা সদর, নড়াইলসহ দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করত। আট বছর আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার কথা বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ফেরিটি নিয়ে যান। পরে এই এলাকার ফেরিঘাটের দায়িত্ব নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কিন্তু তারা দীর্ঘদিনেও এখানে নতুন কোনো ফেরি দেয়নি। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, পশ্চিম প্রান্তের নগরঘাটার ফেরিঘাট দিয়ে এই উপজেলার মানুষ খুলনা সদর, কয়রা, সাতক্ষীরাসহ দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। ফেরিটি দেড় বছর ধরে কিছুদিন পর পর বন্ধ রাখা হচ্ছে। সর্বশেষ পাঁচ মাস আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেরিটি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। আজও ফেরিটি এখানে আনা হয়নি। ফেরি চলাচল বন্ধ থাকায় স্থানীয় লোকজন ট্রলার দিয়ে নদী পার হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, কামারগাতি গ্রামের ফেরিঘাটে কোনো পন্টুন নেই। লোকজন হাতাই নদীর তীরে এসে ট্রলারে করে এপার থেকে ওপারে যাচ্ছে। নগরঘাটে গিয়ে দেখা যায়, এখানে একটি ভাঙাচোরা পন্টুন পড়ে আছে। কোনো ফেরি নেই। ফেরিতে ওঠা-নামার সড়কটিতে কাজ চলছে।সওজ খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, ‘নগরঘাটায় নতুন করে ফেরিঘাট স্থাপনের কাজ চলছে। তা ছাড়া ফেরির ইঞ্জিনের মেরামতের কাজও করা হচ্ছে। এটা শেষ হলে আবার ফেরি চলাচল শুরু হবে। কামারগাতির ফেরিঘাটটি চালুর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’