খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর মধ্যপাড়ায় গত সোমবার রাতে পুলিশ বাড়ি থেকে ডেকে নেওয়ার কিছুক্ষণ পর কেসমত আলী মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশের পিটুনিতে কেসমত আলীর মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করেছে। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি পুলিশ দেখে পড়ে গেলে তাঁর মৃত্যু হয়।
কেসমতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে স্থানীয় গ্রামপুলিশ (চৌকিদার) মকবুল হোসেন দুজন পুলিশ নিয়ে কেসমতের বাড়ি যান। ডেকে ঘর থেকে বের করে চৌকিদার তাঁকে মারতে মারতে বাড়ি থেকে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক হেমায়েত হোসেনের কাছে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে কেসমতকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কেসমতের স্ত্রী নাজমা বেগম (৪২) অভিযোগ করেন, মকবুল দুজন পুলিশ নিয়ে এসে তাঁর স্বামীকে ঘর থেকে ডেকে বের করেই মারধর শুরু করেন। তিনি ঠেকাতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে কেসমতকে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে শোনেন, স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর স্বামীর লাশ পড়ে আছে। চৌকিদার আর পুলিশ মিলে তাঁর স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।
কেসমতের শ্যালক জিন্নাত আলী জানান, লাশের বুকের নিচে ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাপস পাল বলেন, রাত ১০টার দিকে একজন চৌকিদার একটা ভ্যানে করে কেসমতকে হাসপাতালে আনেন। তিনি পরীক্ষা করে দেখেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, কেসমত দীর্ঘদিন ধরে কাজের নামে এলাকার লোকজনকে ভারতে নিয়ে যান। কিছুদিন আগেও এলাকার এক ছেলে ভারত থেকে ফিরে তার টাকা ফেরত চায়। এসব নিয়ে স্থানীয় চৌকিদার মকবুল দুজন পুলিশ নিয়ে সোমবার রাতে কেসমতের বাড়ি যান। ওই সময় পুলিশ দেখে কেসমত আহত হন। তিনি বলেন, কেসমতের হাঁটুতে আঘাতের চিহ্ন দেখে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।