দিঘলিয়ায় ভেজাল সার বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলায় আইলায় ক্ষতিগ্রস্ত মাছচাষিদের মধ্যে বিতরণের জন্য ঠিকাদারদের সরবরাহ করা সারে ভেজাল ধরা পড়েছে। এ ঘটনায় সার বিতরণ স্থগিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য অধিদপ্তর আইলা-দুর্গত এলাকার মাছচাষিদের সাহায্যার্থে গত মাসে এক লাখ ৯০ হাজার টাকার ইউরিয়া ও টিএসপি সার এবং চুন কেনার জন্য বিসিআইসির ডিলারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। মেসার্স বেগ এন্টারপ্রাইজ কাজটি পায়। গত বুধবার ওই প্রতিষ্ঠানটির সরবরাহ করা সার ও চুন বিতরণ করার সময় টিএসপি সারে ভেজাল ধরা পড়ে। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি ওই সার জব্দ করে রাসায়নিক পরীক্ষা করতে বলেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঠিকাদারদের সরবরাহ করা টিএসপি সার ভেজাল মনে হয়েছে। চূড়ান্তভাবে পরীক্ষার জন্য সারের নমুনা খুলনার দৌলতপুরে অবস্থিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে (এসআরডিআই) পাঠানো হয়েছে।’