দিঘলিয়ায় হামলায় আহত ছাত্রের মৃত্যু প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলায় ঈদমেলায় পটকা ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।গত রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বারাকপুর এলাকায় গতকাল সোমবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। ওই ছাত্রের নাম নাহিদ হাসান (১৬)। সে দিঘলিয়া উপজেলার মধ্যপাড়ার রফিক আলী খানের ছেলে ও খুলনা নগরের গোয়ালখালী এলাকার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বারাকপুর যুবসংঘের উদ্যোগে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার দিনব্যাপী ঈদমেলার আয়োজন করা হয়।শনিবার রাতে নাহিদ ও তার সাত বন্ধু ওই মেলায় গিয়ে পটকা ফোটায়। এ নিয়ে মেলার আয়োজকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে তারা সেখান থেকে চলে আসে।রাত ১০টার দিকে ঘোষগাতী গ্রাম এলাকায় পেয়ে আয়োজকেরা নাহিদ ও তার বন্ধু রবিউলের ওপর হামলা চালালে তারা আহত হয়। রাতেই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।অবস্থার অবনতি হওয়ায় রোববার বেলা তিনটার দিকে নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় সে মারা যায়।বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন বলেন, ‘আমি মেলা আয়োজক কমিটির সভাপতি ছিলাম। পরে শুনেছি, ঘোষগাতী গ্রাম এলাকায় কিছু ছেলেপেলে ওদের মেরেছে। তবে মেলার ঘটনার সঙ্গে ওই ঘটনা এক না-ও হতে পারে।’ দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, মেলায় পটকা ফোটানো নিয়ে মারামারি হয়। সেই মারামারিতে ওই ছেলেটি আহত হয়। পরে ঢাকায় সে মারা গেছে।