দিঘি গিলছে বানিহারার সেই পাকা সড়ক
জয়পুরহাটের কালাই উপজেলার চান্দাইর দিঘি গিলছে পাকা সড়ক, গাছপালা ও দিঘিপাড়ের অন্তত ২০০ বছরের পুরোনো কবরস্থান। প্রায় ১০০ বিঘা আয়তনের এই দিঘির ভাঙনে হুমকির মুখে পড়েছে উপজেলার ঝামুটপুর-বানিহারা পাকা সড়ক। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বিরাট আয়তনের পাড়, পাড়ের বড় বড় বটগাছ ও ঈদগাহ্ মাঠের ঘাট।দিঘির ভাঙনে পাকা সড়ক ও সড়ক সংলগ্ন কবরস্থান হুমকির মুখে পড়ায় উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে শুক্রবার সরেজমিনে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান। সরেজমিন ঘুরে জানা গেছে, শত বছরের পুরোনো চান্দাইর দিঘির পাড় দিয়ে একসময় কাঁচা সড়ক ছিল। এ সড়কে যুগ যুগ ধরে এলাকার কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করছে। বর্ষা মৌসুমে এ সড়কে যাতায়াত করতে গিয়ে অবর্ণনীয় কষ্ট করত এলাকাবাসী। ফলে পাকা করার দাবি ওঠে। এ নিয়ে ২০০৫ সালে ‘পাকা রাস্তার জন্য বাঁকা পথে বানিহারাবাসী’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। ২০০৭ সালে জরুরি অবস্থায় স্বেচ্ছাশ্রমে এই কাঁচা রাস্তা সংস্কারে গ্রামবাসীর সঙ্গে অংশ নেন সেনাসদস্যরাও। জনপ্রতিনিধিরা এগিয়ে না এলেও ২০০৯ সালে গ্রামের এক কৃতী সন্তান তদিবর করে এলজিইডি থেকে এ সড়ক পাকা করার প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে আসেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়। স্থানীয় লোকজন জানান, মূল দিঘি থেকে সড়কের দূরত্ব ছিল একসময় ১০০ ফুটেরও বেশি। কিন্তু গত পাঁচ বছরে দিঘির ভাঙনে এর পানি এসে ঠেকেছে একেবারে সড়কের কোলে। বেশ কয়েকটি স্থানে সড়কের কিছু অংশও গেছে দিঘির পেটে। বানিহারা গ্রামের হুমায়ুন কবির বলেন, আগে পাড় ভাঙত না। এখন পুকুরে মাছ চাষে অতিরিক্ত সার ও মুরগির বিষ্ঠা ব্যবহারের ফলে বিলীন হয়ে গেছে দিঘির পাড়। কৃষক হারেজ উদ্দিন বলেন, দীর্ঘদিনের দাবির ফসল এই পাকা সড়ক। এটি দিঘিগর্ভে বিলীন হলে এলাকাবাসীর যাতায়াত বন্ধ হয়ে যাবে। হামিদুল হক নামের একজন কৃষক বলেন, পুকুরে মাছ চাষের কারণেই পাকা সড়ক হুমকির মুখে পড়েছে। অথচ পুকুর ইজারা দিয়ে বছরে ২৫ লাখ টাকা আয় করছে পার্শ্ববর্তী মাদ্রাসা কর্তৃপক্ষ। কাজেই এ সড়ক রক্ষার দায় কোনোভাবেই এড়াতে পারে না তারা। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল খয়ের বলেন, দীঘিতে মাছ চাষের কারণেই সরকারি পাকা রাস্তা বিলীন হওয়ার উপক্রম হওয়ায় দিঘি ভোগ-দখলকারী পক্ষকেও এ সড়ক রক্ষার দায়িত্ব নিতে হবে। উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, সড়কটি পাকা করার পরপরই তা দিঘির ভাঙন থেকে রক্ষার জন্য গাইডওয়াল নির্মাণের বরাদ্দ প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু বরাদ্দ না মেলায় তা নির্মাণ করা যায়নি। সড়কটি রক্ষা করতে চলতি অর্থবছর পুনরায় গাইডওয়ালের প্রাক্কলন তৈরি করে অর্থ চেয়ে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, দিঘিটির অর্ধেক মালিকানা সরকারের এবং অর্ধেক মাদ্রাসার। গাইডওয়াল নির্মাণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ না পাওয়া গেলে সড়ক রক্ষার জন্য সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে একটা সমাধান খুঁজে বের করা হবে।