দিঘি ভরাটের মাটি সরানোর নির্দেশ
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার প্রাচীন সেই দিঘি জবরদখলের স্থান গতকাল মঙ্গলবার বিকেলে পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁরা দিঘি ভরাটের মাটি সরানোর নির্দেশ দেন।
গত ১৬ ডিসেম্বর প্রথম আলোতে ‘টেকনাফে প্রাচীন দিঘি ভরাট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরই সূত্র ধরে গতকাল বিকেলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, টেকনাফ বাসস্টেশন ব্যবসায়ী বণিক সমিতির সহসভাপতি উসমান গণিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিঘিটিতে মাটি ফেলে ভরাটের চেষ্টা করার ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
সর্দার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দিঘি বা পুকুর ভরাটের জবরদখলকারীদের অতিসত্বর দিঘিতে ফেলা মাটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে মাটি সরিয়ে না নিলে তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে।
ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন বলেন, এলাকায় মাটির নিচে জমাট বাঁধা পাথরের স্তূপ থাকায় নলকূপ স্থাপন করা যায় না। তাই এই দিঘির পানিই ভরসা। সারা বছর এলাকার মানুষ দিঘির পানিতে অজু করে মসজিদে নামাজ পড়েন। আশপাশের লোকজন গৃহস্থালি কাজেও এই দিঘির পানি ব্যবহার করেন। তাই এটি রক্ষা করা সবার দায়িত্ব।