দিঘি রক্ষায় ‘গণগোসল’
দিঘির বুকপানিতে সবাই একসঙ্গে নামল। প্রদর্শন করল দিঘি রক্ষায় নানা কথার প্ল্যাকার্ড। ‘বাঁচতে চাইলে মহাশয়, রক্ষা করো জলাশয়’—ছন্দময় এমন কথার একটি প্ল্যাকার্ড দেখিয়ে এক তরুণ মাথা পানিতে দিয়ে পা উঁচুতে তুলে ধরলেন। দিঘি দখল করে ভরাট করতে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে এই পা প্রদর্শন।এক মিনিটের এই অভিনব প্রতিবাদের পরে মহল্লার বিভিন্ন বয়সী তরুণ দল বেঁধে দিঘিতে গোসল করেন। সিলেট নগরের নূরানি আবাসিক এলাকার ঐতিহ্যবাহী দস্তিদার দিঘি রক্ষায় গতকাল সোমবার দুপুরে এলাকাবাসী এভাবে ‘গণগোসল’ কর্মসূচি পালন করে। দিঘি রক্ষায় এলাকাবাসীর ব্যতিক্রমী কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছে। ‘গণগোসল’ কর্মসূচির শুরুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দিঘিঘাটে সমাবেশ করে। বাপা চট্টগ্রামের সহসভাপতি স্থপতি জেরিনা হোসেনের সভাপতিত্বে সমাবেশে বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল, সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, হবিগঞ্জের তোফাজ্জল সোহেল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষক মোহাম্মদ রেদওয়ান, নারী উদ্যোক্তা তাহেরা স্বপ্না ও নূরানি আবাসিক এলাকার দিঘি সংরক্ষণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল হাশিম ও এলাকাবাসী তরুণদের পক্ষে শাহিন সিদ্দিকী বক্তব্য দেন।দিঘির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে সমাবেশে কয়েকজন এলাকাবাসী জানান, ১৯৫৬ সালে ভূমি জরিপ অনুযায়ী দস্তিদার বাড়ির এক একর ২৩ শতক আয়তনের দস্তিদার দিঘিটি দেবতার পক্ষে সেবায়েত বিরজাকান্ত দস্তিদারসহ ১৫ জন সেবায়েতের নামে রেকর্ডভুক্ত হয়। কিন্তু ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের পর বিরজাকান্ত দস্তিদারের ছেলে অজয়কান্ত দস্তিদার ছাড়া অন্যান্য সেবায়েত ও তাঁদের পরিবার ভারত গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন। ফলে দিঘিটি একটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়। তখন থেকে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে দিঘিটির শাসন ও সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করে আসছে। বাংলাদেশ সরকার ১৯৭৫-৭৬ সালে দস্তিদার বাড়ির কিছু ভূমি (দাগ নম্বর ২৫৭) অর্পিত সম্পত্তি ঘোষণা করে বর্তমান দখলদারকে প্রচলিত আইনে বন্দোবস্ত দেয় (ভিপি কেস নম্বর ৫৫/৭৫-৭৬)। তবে ২৫৮ নম্বর দাগে অবস্থিত দিঘিটি পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। এ সুযোগে সংঘবদ্ধ একদল ভূমিখেকো চক্র দিঘিটি দখল করে ভরাট করতে তৎপর হয়।এলাকার প্রবীণ বাসিন্দা আবদুল হাশিম জানান, ২০০৮ সালের শেষের দিকে দিঘি দখল করে ভরাট করার তৎপরতা শুরু হলে এলাকাবাসী দিঘি রক্ষায় সোচ্চার হয়। তখন থেকে দিঘি সংরক্ষণ কমিটি গঠন করে তাঁরা প্রতিবাদ করে আসছেন। ‘গণগোসল’ কর্মসূচি শেষে এলাকাবাসীর সঙ্গে মতিবিনিময়ে বাপার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শরিফ জামিল দিঘি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় স্থপতি জেরিনা হোসেন দিঘি সংরক্ষণকে শক্তিশালী করতে এবং দিঘিকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিতে এলাকাবাসীকে আহ্বান জানান। শরিফ জামিল প্রথম আলোকে বলেন, ‘সিলেট শুধু পাহাড়-টিলা নয়, দিঘির শহর নামেও পরিচিত ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণে এখন দিঘির নামে পাড়া-মহল্লার নাম আছে, কিন্তু দিঘি নেই। এ অবস্থায় এলাকাবাসীর এমন উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত। আমরা চাই, দিঘি রক্ষায় এমন উদ্যোগ ও সচেতনতা সারা দেশে তরুণ প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে পড়ুক।’