দিঘিতে গোসলে নেমে গুলির প্যাকেটের খোঁজ দিল কিশোর
দিঘিতে গোসল সেরে পাড়ে ওঠার সময় পায়ে কী যেন একটা আটকায়। কৌতূহলী হয়ে ওঠে কিশোরটি। গল্পে পড়া পানির নিচে থাকা সোনা-দানা নয় তো! একটু নিচু হয়ে হাত দিয়ে পানির নিচ থেকে কাদা জড়ানো একটি পলিথিনের প্যাকেট পেল সে। তবে কিছুটা ভারী। ভেতরে লোহার ছোট ছোট টুকরো রয়েছে বলে মনে হলো তার। এক মুঠোতে যে কয়টা ধরেছে, তাই ওপরে নিয়ে এল সে।
ওই কিশোরের সঙ্গে তার দুই বন্ধুও ছিল। কীভাবে যেন দ্রুত তাদের ‘কীর্তি’ এলাকায় ছড়িয়ে পড়ে। দিঘির পাড়ে লোকজন জড়ো হতে থাকে। আশপাশেই ছিল চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারাও সেখানে ছুটে যায়। লোহার টুকরো নয়, ওই কিশোর আসলে পিস্তলের গুলি পানির নিচ থেকে তুলে এনেছে। পরে প্যাকেটটি তোলে পুলিশ। ভেতরে মোট ১০০ গুলি পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের রানীর দিঘি থেকে এসব গুলি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ খান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল এনায়েত বাজার এলাকায় একটি অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিতে অবস্থান করছিল। তখনই রানীর দিঘি এলাকা থেকে খবর আসে, গুলির মতো কী যেন পাওয়া গেছে। পুলিশের দলটি দ্রুত সেখানে যায়। গুলিগুলো পয়েন্ট টুটু বোর পিস্তলের। বেশির ভাগ গুলিই তাজা। দিঘির পূর্ব পাড় থেকে প্রায় এক ফুট দূরে পানির নিচে এসব গুলি ছিল।
এসআই বলেন, পানির নিচে সেখানে কংক্রিটের স্তূপ ছিল। এর মধ্যেই পলিথিন মুড়িয়ে এসব গুলি রাখা হয়। পরে এসব গুলি নগরের লালদীঘি এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
রানীর দিঘির চার পাড়ে চলাচলের রাস্তা রয়েছে। আশপাশে বসতি। ১০০ গুলি কারা, কীভাবে পানির নিচে লুকিয়ে রাখল, তা বের করার দাবি জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিম উল্লাহ।
এ বিষয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ বলেন, তিন থেকে চার দিন আগে এগুলো সেখানে কেউ ফেলে রাখে বলে তাঁরা ধারণা করছেন। গুলির উৎস এবং কারা সেখানে গুলি রেখেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।