দিঘির জলে সরালির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে সরালি। সম্প্রতি চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের লস্কর উজিরদীঘিতে। প্রথম আলো
ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে সরালি। সম্প্রতি চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের লস্কর উজিরদীঘিতে। প্রথম আলো

দল বেঁধে দিঘির জলে সাঁতরে বেড়াচ্ছে বাদামি রঙের হাঁস। সামান্য শব্দ পেলেই ঝাঁক বেঁধে উড়াল দিচ্ছে পাখিগুলো। একসঙ্গে উড়তে থাকলে মনে হয় ধূসর-বাদামি ঢেউ। বাদামি এই হাঁসের নাম সরালি বা পাতি সরালি। চট্টগ্রামের রাউজানের বেশ কয়েকটি জলাশয়ে এখন পাতি সরালির মেলা বসেছে।
সরালিকে ‘পরিযায়ী’ বলে ভুল করে কেউ কেউ। তবে এটি পরিযায়ী পাখি নয়। শীত মৌসুমে এই জাতের পাখি দিঘি-জলাশয়ে দল বেঁধে বেড়ায়।
রাউজানের কদলপুর ইউনিয়নের লস্কর উজিরদীঘি ও নোয়াপাড়া ইউনিয়নের কর্তারদীঘিতে এসব পাখির মেলা বসেছে। সরালির পাশাপাশি কিছু শামুকখোল পাখিও রয়েছে। সবচেয়ে বেশি পাখি দেখা গেছে লস্কর উজিরদীঘিতে। এখানে আসা পাখির সংখ্যা কয়েক হাজার হবে। সরালি ও শামুকখোলের কলকাকলিতে মুখরিত এই দুটি জলাশয়ের আশপাশের এলাকা।
সম্প্রতি উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর উজিরদীঘি ও নোয়াপাড়া ইউনিয়নের কর্তারদীঘিতে গিয়ে হাজার হাজার পরিযায়ী পাখির দেখা মেলে। শুধু এ দুটি দিঘি নয়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলারদীঘিতেও প্রচুর সরালি দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত চার-পাঁচ বছর উপজেলার বিভিন্ন জলাশয়ে সরালি হাঁসের মেলা বসছে।
কর্তারদীঘিতে কথা হয় দিঘির পাড়ের বাসিন্দা চাষি মহিউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত পাঁচ বছর থেকে এ দিঘিতে শীত মৌসুমে সরালি ও শামুকখোলের মেলা বসছে। দিঘিতে প্রায় সাত থেকে আট শ পাখি এসেছে বলে জানান তিনি।
দুই কন্যা সন্তানকে নিয়ে লস্কর উজিরদীঘির পাড়ে পরিযায়ী পাখি দেখতে এসেছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী মুসা আলম।
তিনি বলেন, ‘শুনেছি শীত মৌসুমে এখানে সরালি ও শামুকখোল পাখি আসে। তাই বাচ্চাদের নিয়ে পাখি দেখতে এলাম।’
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, লস্কর উজিরদীঘির নানা ঐতিহ্য আছে। এটি চার শ বছর আগের দিঘি। এ দিঘিতে বেশ কয়েক বছর ধরে সরালি পাখি আসছে। পাখিদের আবাস নিরাপদ রাখতে সার্বক্ষণিক নজরদারি করা হয়। পাখি শিকার না করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচারণা চালানো হয়েছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন প্রথম আলোকে বলেন, কেউ যাতে পাখি শিকার করতে না পারে তার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাখিদের আবাসস্থল আরও
নিরাপদ করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন তিনি।
রাউজান উপজেলা বন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, নিরাপদ আবাসস্থল হওয়ায় রাউজানে প্রতিবছর দলে দলে নানা জাতের পাখি আসে। লোকবল-সংকটের কারণে বন বিভাগ ঠিকমতো পাখির নিরাপত্তায় কাজ করতে পারছে না। তারপরও খোঁজখবর রাখা হয়। কোথাও কেউ কোনো পাখি শিকার করলে তাঁর বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেওয়া হবে।