মানিকগঞ্জ জেলা শহরের কাছের ইউনিয়ন দিঘী। তবে জেলার অন্যান্য এলাকায় ব্যাপক উন্নয়ন হলেও এখানকার রাস্তাঘাট অনুন্নত। এ যেন আলোর নিচে অন্ধকার। এলাকাবাসীর কষ্ট লাঘবে এখানকার বেহাল রাস্তাঘাট দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এই আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে দিঘী ইউনিয়নের বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।
জেলা শহরের পাশের নতুন বসতি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবু আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ এ সেতু দিয়ে চলাচল করে। নতুন বসতি-দিঘী-রৌহাদহ সড়কটিও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে রিকশাও চলাচল করতে চায় না। অনুষ্ঠানে এলাকাবাসী এসব সমস্যার কথা তুলে ধরলে প্রতিমন্ত্রী এ সড়ক সংস্কার ও সেতুটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণের আশ্বাস দেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুরান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা প্রমুখ।