দিতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্রজগতে দিতির অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর মৃত্যু দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা দিতির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া দিতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও চলচ্চিত্র পরিচালক সমিতি। 

আট মাস রোগভোগের পর আর রোববার বিকেলে মারা গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিতি। মৃত্যুকালে তিনি লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তানসহ অনেক ভক্ত ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি এ অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। দিতির অসুস্থতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য দিতির সন্তানদের ১০ লাখ টাকা অর্থ সহায়তা করেছিলেন।
এ দিকে চিত্রনায়িকা দিতির মৃত্যু সংবাদ শুনে তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। প্রিয় সহকর্মীকে হারিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালে দিতিকে দেখতে গিয়েছিলেন ববিতা, সুবর্ণা মুস্তাফা, মৌসুমী, ওমর সানি, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, সুব্রত, নওশীনসহ আরও অনেকে।