দিতে উদ্যত এক বাবার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি অঙ্গীকার করছি যে আমার মেয়ে সীমা খাতুন অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আজ বাল্যবিয়ের যে আয়োজন করেছিলাম, তা বন্ধ করলাম। মেয়ের প্রকৃত বয়স ১৮ বছর না হলে তাকে বিয়ে দেব না।’ চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের বাবুল মোল্লা গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের কাছে এভাবেই লিখিত অঙ্গীকার করেন। ইউএনওর হস্তক্ষেপে গতকাল নিশ্চিত বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় বাবুল মোল্লার মেয়ে কুকিয়া চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সীমা খাতুন। এলাকাবাসী জানায়, সীমার সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া এলাকার গোলাম হোসেনের ছেলে হামিদুল ইসলামের (২০) বিয়ে ঠিক হয়। গতকাল দুপুরে মেয়ের বাবার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদরের ইউএনও, সদর থানার সহকারী উপপরিদর্শক ইমরান হোসেনসহ গাইদঘাট গ্রামে যান। ইউএনও মেয়ের বাবা ও আত্মীয়স্বজনকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেন। এ সময় ঘষামাজা করে বয়স বাড়ানো জন্মনিবন্ধনের একটি সনদও জব্দ করেন ইউএনও। গোপনে যাতে ফের বিয়ে না হয় তা খেয়াল রাখতে শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মতিয়ার রহমানকে দায়িত্ব দিয়ে ইউএনও ফিরে আসেন। ইউএনও আবুল আমিন বলেন, ‘বাল্যবিয়ের কুফল বিষয়ে মেয়ের বাবাকে বুঝানো হলে তিনি স্বেচ্ছায় বিয়ে বন্ধ করে দেন।’