দিদার ফিরে এসে আবার চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি কক্সবাজারের রামুর দিদার বলী। নিষেধাজ্ঞা শেষে ফিরেই শিরোপা পুনরুদ্ধার করলেন দিদার। গতকাল বৃহস্পতিবার নগরের লালদীঘি মাঠে গতবারের চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীকে হারান দিদার। মোট ৮৬ জন বলী আবদুল জব্বারের বলীখেলায় এবার অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে তরুণ যেমন ছিলেন, তেমনি ছিলেন বৃদ্ধ এবং কিশোরও। প্রাথমিক রাউন্ডে ৪০ জন জয়ী হন। পরে চ্যালেঞ্জ রাউন্ডে অংশ নেন ছয় প্রতিযোগী। শেষে একে একে তিনজনকে হারিয়ে দিদার চ্যাম্পিয়ন হন। এর আগে ২০১০ সালে বলীখেলায় সময় ক্ষেপণের অপরাধে দিদার ও মর্ম সিং ত্রিপুরা নামে দুই বলীকে নিষিদ্ধ করেছিল মেলা কর্তৃপক্ষ। সেবার এই দুজন পৌনে এক ঘণ্টা লড়াই করেও কেউ কাউকে হারাতে না পারার কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।দিদার বলী এবারসহ জব্বারের বলীখেলায় একক ও যৌথভাবে আট বার চ্যাম্পিয়ন হন। গতকাল দিদার বলী প্রথমে আলম নামে একজনকে এক মিনিটের মধ্যে হারিয়ে দেন। এরপর সেমিফাইনালে দিদার চট্টগ্রামের রাউজানের ইকবাল বলীকে পরাজিত করেন।অন্যদিকে অলি বলী সেমিতে মুখোমুখি হন রামুর মঞ্জুরুল ইসলামের সঙ্গে। আট মিনিটের লড়াই শেষে জয়ী অলির সঙ্গে ফাইনালে মুখোমুখি হন দিদার। প্রথম মিনিটে দিদার অলিকে ধরাশায়ী করলেও পিঠ মাটিতে ছোঁয়াতে পারেননি। তিন মিনিটের লড়াইয়ে অলি আগ্রাসী দিদারকে কোনো রকম বেগ দিতে পারেননি। শেষ পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ন অলি পরাজিত হন।বিকেলে বেলুন উড়িয়ে আবদুল জব্বার স্মৃতি শতবর্ষী বলীখেলার উদ্বোধন করেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। অতিথি ছিলেন সিটি মেয়র মনজুর আলম, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, স্পনসর প্রতিষ্ঠান বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড ফরহাদ হোসেন।১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বার এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার সূচনা করেন। ক্রমে এই খেলা ও মেলাটি এই অঞ্চলের প্রাণের মেলায় রূপ নেয়।বলীখেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও লালদীঘির পাড় ও আশপাশের প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় চার দিনব্যাপী মেলা বসেছে। আজ শুক্রবার মেলার শেষ দিন।