তীব্র দাবদাহে একটু ছায়া, একটু বাতাসের খোঁজে ছুটছে ক্লান্ত-শ্রান্ত মানুষ। তবে খরতাপকে জয় করে লালদীঘি মাঠে মানুষ ভিড় করে শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার সাক্ষী হতে। বলীখেলার এবারের ১০৫তম আসরে রামুর দিদার বলী মাত্র ১৫ সেকেন্ডে নারায়ণগঞ্জের হাবিবুর রহমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
এ নিয়ে দিদার টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন। যুগ্ম, এককসহ জব্বারের বলীখেলায় এটি দিদারের নবম শিরোপা। এবারের আসরে লড়ার জন্য মোট ১০৩ জন বলী নাম তালিকাভুক্ত করেন। এর মধ্যে প্রাথমিক রাউন্ডে ৩৬ জন বিজয়ী হন।
অংশগ্রহণকারীদের মধ্যে ৬৫ বছরের বৃদ্ধ শহীদ হোসেন যেমন ছিলেন, তেমনি ছিলেন তরুণ নাছিরও। মফিজ ও খাজা আহমদ নামে পঞ্চাশোর্ধ্ব দুই বলী এবার শেষবারের মতো বলীখেলায় অংশ নিয়ে অবসরে যাওয়ার ঘোষণা দেন।
তবে আগত মানুষের অপেক্ষা ছিল চ্যাম্পিয়নশিপের জন্য। বিকেল পৌনে পাঁচটার দিকে গতবারের চ্যাম্পিয়ন দিদার বলী রিংয়ে উঠলে সবাই করতালি দিয়ে স্বাগত জানান। উঠেই দিদার প্রথমে মুখোমুখি হন বান্দরবানের ক্যা হলা প্রু মারমার। এক মিনিটের মধ্যে মারমাকে ভূপাতিত করেন দিদার।
এরপর চ্যালেঞ্জ রাউন্ডে জয়ী হাবিবুর রহমানের সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হন দিদার। কুতুবদিয়ার খোরশেদ সিকদারকে হারিয়ে হাবিব গতবারের চ্যাম্পিয়ন দিদারের মুখোমুখি হওয়ার সুযোগ পান। কিন্তু মাত্র ১৫ সেকেন্ডে তাঁর পিঠ মাটিতে ফেলে দিদার নবমবারের মতো চ্যাম্পিয়ন হন।
বিজয়ী রামুর দিদার বলেন, ‘আমি প্রতিনিয়ত অনুশীলন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এবারও জয়ী হতে পেরে আমি দারুণ আনন্দিত।’
বাদ্যযন্ত্রের তালে তালে বলীদের খেলায় অংশগ্রহণ কিংবা সীতাকুণ্ডের প্রথম রাউন্ডে জয়ী সীতাকুণ্ডের মাঈনুদ্দিন বলীর গ্যাংনাম নৃত্য ছিল বলীখেলার বাড়তি আকর্ষণ। বিকেলে বেলুন উড়িয়ে আবদুল জব্বার স্মৃতি শতবর্ষী বলীখেলার উদ্বোধন করেন চ্যানেল আইয়ের বার্তা-প্রধান শাইখ সিরাজ। ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও স্পনসর প্রতিষ্ঠান বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড ফরহাদ হোসেইন। প্রচার সহযোগী ছিল চ্যানেল আই।
অতিথিরা চ্যাম্পিয়ন, রানারআপসহ সব বিজয়ী বলীর হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন ও রানারআপকে যথাক্রমে নগদ ১৫ হাজার ও ১০ হাজার টাকা দেওয়া হয়।
১৯০৯ সালে স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতা বা বলীখেলা ও বৈশাখী মেলার সূচনা করেন। ক্রমে এই খেলা ও মেলাটি এই অঞ্চলের প্রাণের মেলায় রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বছর বলীখেলা অনুষ্ঠিত হতে পারেনি। বলীখেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও লালদীঘির পাড় ও আশপাশের প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় তিন দিনব্যাপী মেলা বসেছে। আজ শনিবার মেলার শেষ দিন।