দিদারুল হত্যা মামলা পুনঃ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল ইসলাম (চঞ্চল) হত্যা মামলা পুনঃ তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম কবির বলেন, দিদারুল ইসলাম হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। নারাজি আবেদনে বাদী উল্লেখ করেন, ২০১২ সালের ১৬ জুলাই গভীর রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দিদারুল। ১৮ জুলাই শীতলক্ষ্যা নদীবন্দরের শান্তিনগর চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরদিন বন্দর থানার এসআই গোলজার হোসেন এ ঘটনায় মামলা করেন। নিহত ব্যক্তির মা সন্দেহভাজন ব্যক্তিদের নাম বলা সত্ত্বেও তাদের গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।