দিদারুলের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার ও সংস্কৃতিকর্মী দিদারুল ইসলাম চঞ্চলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও চঞ্চল সঞ্চৃতি পরিষদ। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
দিদারুল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পারায় নারায়ণগঞ্জের পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ উল্লেখ করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি সমাবেশে বলেন, একটি হত্যার বিচার না হলে অন্য একটি হত্যার দ্বার উন্মোচন হয়। যদি অতীতে চঞ্চল হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের বিচার করা হতো, তবে আজ এমন নির্মমভাবে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীকে খুন হতে হতো না। এখন সময় এসেছে খুনিদের কাঠগড়ায় দাঁড় করানোর।
সমাবেশে দিদারুলের বড় ভাই জোবায়ের ইসলাম বলেন, ‘এক বছর হয়ে গেছে আমার ছোট ভাই দিদারুলের খুনের বিচার শুরু হয়নি। আমরা খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।