দিন চলে যায় ‘দাড়কি’ বানিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামজুড়ে সুনসান নীরবতা। ছেলে-বুড়ো অনেকেই বাঁশের দাড়কি বানাচ্ছেন। নারী ও কিশোরীরাও বাদ যায় না। সবাই ব্যস্ত। কারণ মাছ ধরার এই দাড়কি বিক্রির ধুম চলছে এখন। তাই মুখে কথা নয়। তাঁদের কাজ করে যেতে হচ্ছে একনাগাড়ে। এই দৃশ্য জামালপুরের মেলান্দহের বীর হাতিজা গ্রামের।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দাড়কি বানাতে বাঁশ ও প্লাস্টিকের সুতার দরকার পড়ে। তাঁদের পূর্বপুরুষেরা দাড়কি বানাতেন। বংশ পরম্পরায় তাঁরাও এই পেশা ধরে রেখেছেন। এই কাজে খরচ সামান্যই হয়। কিন্তু হতদরিদ্ররা ওই সামান্য টাকার বাঁশ ও সুতা জোগাড় করতেই হিমশিম খান। তারপরও সম্পূর্ণ নিজ উদ্যোগে তাঁরা বাপ-দাদার এই পেশাকে ধরে রেখেছেন এই গ্রামের অন্তত এক হাজার মানুষ।দাড়কির ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, মজুরি ও কাঁচামালসহ একটি দাড়কি বানাতে খরচ প্রায় ৫০ টাকা। প্রতিটি দাড়কি পাইকারদের কাছে গড়ে ৮০ টাকায় বিক্রি হয়। পাইকারেরা ওই দাড়কি স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন।দাড়কি বানাতে পুরুষদের সঙ্গে যোগ দেন নারীরা। এই গ্রামের ব্যবসায়ী ছাড়াও দুই শতাধিক নারী দাড়কির চটা বুননে শ্রম খাটেন। একজন নারী শ্রমিক দিনে তিন থেকে চারটি দাড়কির চটা বুনতে পারেন। প্রতিটির জন্য তিনি মাত্র ১২ টাকা করে পান।আর দশজনের মতো এই গ্রামের রাশেদা দাড়কির চটা বুনেন। তাঁর স্বামী হেলাল উদ্দিন রিকশা সারাইয়ের কাজ করেন। তাঁদের সংসারে এক মেয়েশিশু রয়েছে। অভাবের সংসার। কোনোমতে দিন চলে যায়। বাড়তি একটু আয় করতে সংসারের কাজের ফাঁকে রাশেদা ওই কাজ করেন। তিনি বলেন, ‘এই গেরামে ত কাম নাই। বয়া থাকার তনে সারা দিনে চটা বানাইয়া যা পাই তাইতেই লাভ। নইলে কী কইরা খামু। কেউ এই গেরামে দাড়কির কারখানা দিলে সবাই মেলা টাকা রোজগার করবের পাইতাম।’ দাড়কি-কর্মী দরিদ্র সুফিয়া খাতুনের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। স্বামী সাহেব আলী রিকশা চালান। স্বামীর স্বল্প আয়ে তাঁদের সংসার কষ্টে-সৃষ্টে চলে। সুফিয়া বলেন, ‘সংসারে বহুত টেকা লাগে। স্বামীর কামাইয়ে ভরসা নাই। আমি নিজে এই করে মজুরি যা পাই তা পোলাপানের বাপেরেই দেই। দুইজনে মিলা সংসার চালাই।’ কারিগর ষাটোর্ধ্ব নাজিম উদ্দিন বলেন, ১২ বছর বয়সেই বাবার সঙ্গে তিনি দাড়কি বানানো শুরু করেন। এ পেশায় বহুদিন আছেন। তিনি বলেন, ‘বহু দিন গেছে। বদলায় গেছে সব। সব জিনিসের দাম বাইড়া গেছে। দাড়কির ব্যবসা ধইরা রাখা কঠিন হয়া দাঁড়াইছে। তারপরও বাবার পেশা বলে কথা। চাইলেই ছাড়া যায় না।’ তিনি একটা দাবি জানান, সরকার দাড়কি বানানোর কাজকে কুটিরশিল্পের আওতায় এনে যেন হতদরিদ্র গ্রামবাসীকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে। সাধারণত বছরের ফাগুন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত দাড়কির চাহিদা থাকে। বর্ষা মৌসুমে দাড়কি বিক্রির হিড়িক পড়ে যায়। গ্রাম থেকে হাট-বাজার হয়ে পাশের জেলা শেরপুর, ঢাকার বিক্রমপুর, গাজীপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ যায়। ট্রেন, ট্রাক ও বাসে করে দাড়কি চলে যায় দেশের প্রত্যন্ত এলাকায়। এই শিল্পকে কুটিরশিল্পের মর্যাদা দিয়ে সরকার উদ্যোগ নিলে হাজারো মানুষের রুটি-রোজগারের পথ সুগম হবে।