লক্ষ্মীপুর শহরে ঢোকার আগে প্রবেশদ্বারে লেখাটি আগন্তুকদের নজর কাড়ে। ‘আঁচলে মেঘনার মায়া, ডাকাতিয়ার বুকে/রহমত বয়ে চলে মৃদু এঁকেবেঁকে/নারিকেল, সুপারি আর ধানে ভরপুর/আমাদের আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর।’কে, কখন ছড়াটি লিখেছিলেন জানা যায়নি। তবে নারকেল, সুপারি আর ধানের সঙ্গে লক্ষ্মীপুরে এখন যোগ হয়েছে সয়াবিন।জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা চর ইন্দুরিয়া, চর জালিয়া, চর ঘাসিয়া, চর কাছিয়া ও কানিরবগা চরের কয়েক হাজার একর জমিতে সয়াবিনের চাষ হয়। ১৯৮৩ সালে চরে সয়াবিন চাষের প্রথম স্বপ্ন দেখান চর আবাবিল গ্রামের আবদুল গনি মাস্টার (৬০)। সয়াবিন চাষ করে আবদুল গনি শুধু নিজের দারিদ্র্যই দূর করেননি, বদলে দিয়েছেন কয়েক হাজার কৃষকের জীবন।সয়াবিন ‘জনক’-এর খোঁজে: উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে চর আবাবিল গ্রামে আবদুল গনির বাড়ি। হায়দরগঞ্জ-রায়পুর সড়ক ধরে তাঁর বাড়ি যাওয়ার পথে রাস্তার দুই পাশে সয়াবিনের সবুজ সমাহার নজর কাড়ে।আবদুল গনি জানান, ১৯৮৩ সালে তিনি গ্রামের তিন একর জমিতে সয়াবিনের চাষ করেন। তখন স্থানীয় লোকজন তাঁকে ঠাট্টা-মশকরা করতেন। পরের বছর চর জালিয়া ও হাজিমারা এলাকায় সয়াবিনের চাষ শুরু করেন। ১২০ দিন পর ফসল ঘরে ওঠে। ভালোই লাভ হতো। প্রতিবছর চাষের পরিধি বাড়তে থাকে। ধীরে ধীরে সফল সয়াবিনের চাষি হয়ে ওঠেন তিনি। এত দিন সয়াবিন চাষ করে চার একর জমি কিনেছেন। বাড়িতে দালান তুলেছেন। বয়স হয়েছে, এখন আর আগের মতো খাটতে পারেন না তিনি।আবদুল গনি বলেন, ‘১৯৭৬ সালে এইচএসসি পাস করে, চাকরি না করে কৃষিকাজে মন দিই। একসময় মানুষ আমাকে মশকরা করত। আর এখন উপজেলার পাঁচটি ইউনিয়নজুড়ে সয়াবিনের চাষ করছেন কৃষকেরা। এখন অনেকে আমার কাছে পরামর্শ নিতে আসেন।’কম পুঁজিতে বেশি লাভ: চরের মাটি দো-আঁশজাতীয়। এ মাটিতে একবার লাঙল চালালেই সয়াবিন চাষের উপযোগী হয়ে ওঠে। লাঙল দেওয়ার পর খেতে সয়াবিন ছিটানো হয়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবাদের উপযুক্ত সময়। শিমজাতীয় গাছ হওয়ায় সয়াবিন খেতে খুব একটা সার দিতে হয় না। খেতে নিড়ানি দিয়ে আগাছাও পরিষ্কার করতে হয় না। গাছ বড় হলে দু-একবার কীটনাশক দিতে হয়। চারা গজানোর ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। চর ঘাসিয়ার আক্কাছ সরদার এ বছর ছয় একর জমিতে সয়াবিনের চাষ করেছেন। তিনি জানান, বীজসহ এ পর্যন্ত তাঁর ১৯ হাজার টাকা খরচ হয়েছে। ফসল ঘরে আনা পর্যন্ত সর্বসাকল্যে ব্যয় হবে ৩০ হাজার টাকা। ১২০ মণ সয়াবিন পাবেন বলে আশা করছেন তিনি। প্রতি মণ সয়াবিনের দাম এক হাজার ২০০ টাকা হলে এক লাখ ৪০ হাজার টাকা পাওয়ার কথা তাঁর। বাম্পার ফলন হলে লাভের অংশ আরও বেড়ে যাবে।গড়ে উঠেছে বাজার: উপজেলার হায়দরগঞ্জ বাজারের চেহারা গত সাত বছরে বদলে গেছে। ছোট বাজারটির ৩৫টি দোকানে এখন শুধু সয়াবিন বিক্রি হয়। বাজারেই গড়ে উঠেছে সয়াবিনের চারটি চাতাল। পার্শ্ববর্তী খাসেরহাট ও মোল্লারহাট বাজারে আছে সয়াবিনের এমন ২০টি পাইকারি দোকান। দেশের খ্যাতনামা সয়াবিন তেল এবং পোলট্রির খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এখান থেকে সয়াবিন সংগ্রহ করছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হায়দরগঞ্জ বাজারে ২০০-২৫০ কোটি টাকার ব্যবসা হয়। গত বছর সয়াবিনের মণ ছিল এক হাজার টাকা। পরে এক হাজার ৬০০ টাকায় গিয়ে দাঁড়ায়।সয়াবিনের তৈরি খাবার: সয়াবিনের দানা অনেকে রান্না করে খায়। সয়াবিন থেকে তৈরি দুধ দিয়ে চা ছাড়াও মুখরোচক খাবার বানানো যায়। হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, সয়াবিনের তৈরি বিস্কুট বেশ সুস্বাদু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল আলম বলেন, সয়াবিনের তৈরি খাবার পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত।কৃষি কার্যালয়ের তথ্য: গত বছর রায়পুরে ১১ হাজার ২৫ একর জমি থেকে ছয় হাজার ৬১৫ মেট্রিক টন সয়াবিন উৎপাদিত হয়েছে, যার বাজারমূল্য ছিল ৩০ কোটি টাকা। চলতি মৌসুমে সমপরিমাণ জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও এক হাজার ৪০০ একর বেশি জমিতে সয়াবিনের আবাদ হয়েছে।কৃষি কর্মকর্তা মো. ইকবাল বলেন, ‘উপজেলায় ব্যাপক সয়াবিন উৎপাদিত হয়। আমাদের কাছে সয়াবিন দিনবদলের ফসল হিসেবে পরিচিত।’