দিন যায়, মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মুক্তিযুদ্ধকালে ৮৪ জন মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সংখ্যা বেড়ে বর্তমানে হয়েছে ২১২ জন। এর মধ্যে বর্তমানে ভাতা পাচ্ছেন ১৮২ জন।
বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা, কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০২ সালে ৪৫ জন মুক্তিযোদ্ধা ৩০০ টাকা করে ভাতা পাওয়া শুরু করেন। ধাপে ধাপে ৩০০ টাকার ভাতা তিন হাজার টাকায় উন্নীত হয়ে বর্তমানে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়ে আছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া সহজ হওয়ায় মুক্তিযোদ্ধার সনদ পাওয়ার জন্য একধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধকালীন ৮৫ জন মুক্তিযোদ্ধার পরিবর্তে বর্তমানে রায়গঞ্জে ২১২ জন মুক্তিযোদ্ধা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন রায়গঞ্জ থানার সিও (ডেভেলপমেন্ট) মাহবুবুর রশিদের প্রচেষ্টায় মুক্তিকামী বিভিন্ন এলাকার যুবকদের নিয়ে মুক্তিযোদ্ধাদের দল গঠন করা হয়। এ দলে ৮৫ জনের মতো মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানা যায়। দেশ স্বাধীনের পর অস্ত্র জমা দিয়ে তাঁরা তাঁদের কাজে যোগ দেন। এ সময় হিসাব করে জানা যায়, বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন উপজেলায় এমন মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৫ জন।
তথ্য অধিকার আইনে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চেয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে এরশাদ সরকারের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮৮ জন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে উপজেলায় মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করা হয়। এতে মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩৬ জনে। মূলত এ সময় তাঁদের সুযোগ-সুবিধা দেওয়া শুরু করলে দ্রুত এ সংখ্যা বাড়তে থাকে।
২০০১ সালে মুক্তিবার্তায় প্রকাশিত রায়গঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধার সংখ্যা ১৬৬ জন বলা হলেও ২০০৩ সালের সরকারি গেজেট অনুযায়ী এ সংখ্যা কমে হয় ১৪২ জন। ২০০২ সালে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা দুস্থ, তাঁদের ৩০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া শুরু হয়। রায়গঞ্জ উপজেলার ৪৫ জন মুক্তিযোদ্ধা এ ভাতা পাওয়া আরম্ভ করেন। এরপর ২০০৩ সালে তিনজন, ২০০৪-এ ১০, ২০০৫ সালে ১০, ২০০৬-এ ৩০, ২০০৯ সালে ৩৪, ২০১০-তে ২৫ ও সর্বশেষ ২০১৩ সালে ২৫ জনসহ মোট ১৮২ জন ভাতা পাচ্ছেন।
১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফিরোজ মাহমুদ তালুকদার বলেন, একসময় মুক্তিযোদ্ধারাই নিজেদের পরিচয় গোপন করতেন। কিন্তু ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার পরে পরিস্থিতি পাল্টে গেছে। যাঁদের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই, তাঁরাও সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন। এখন মুক্তিযোদ্ধা দুই ধরনের—রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আর সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী কমান্ডার খন্দকার সোহরাব হোসেন বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধার মৃত্যু হলেও রায়গঞ্জে তাঁদের সংখ্যা না কমে বরং প্রায় তিন গুণ হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা নিতে একশ্রেণির মানুষ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা হচ্ছেন। এতে আমাদের গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে।’
বর্তমান কমান্ডার রেজাউল করিম তালুকদার বলেন, গত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে ১৪৭ জন ভোটার ছিলেন। দিনে দিনে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি বলেন, যে যেভাবে পারছেন সার্টিফিকেট সংগ্রহ করে মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন।
মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের জন্য তালিকা তৈরি করেন উপজেলা সমাজসেবা দপ্তর। রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, ‘সরকারি নীতির আলোকে আমরা মুক্তিযোদ্ধাদের ভাতাসংক্রান্ত কাগজপত্র তৈরি করে দিই। সিদ্ধান্ত চূড়ান্ত করে মন্ত্রণালয়।’