দিন যায়, যানজট বাড়ে বাইপাস সড়ক হয় না
গাইবান্ধা শহরে বাইপাস সড়ক না থাকায় দিনভরই যানজট লেগে থাকে। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্পটি ১৫ বছরেও অনুমোদিত হয়নি।
গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান বলেন, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার হাজার হাজার মানুষ শহর অতিক্রম করে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাতায়াত করে। অপরদিকে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার মানুষকে শহর অতিক্রম করে ওই সব উপজেলায় যাতায়াত করতে হয়। এ ক্ষেত্রে বাইপাস সড়ক নির্মাণ খুবই জরুরি। কিন্তু দিন যায় যানজট বাড়ে বাইপাস সড়ক হয় না।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৮ সালে বাইপাস সড়কের জন্য একটি প্রকল্প প্রণয়ন ও নকশা তৈরি করা হয়। শহরের সুংসুংগির মোড় এলাকার আনসার ক্লাব থেকে প্রফেসর কলোনি-সংলগ্ন তিনগাছতল হয়ে পূর্বপাড়ার বালাসী সড়ক পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। সড়কের দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার ও প্রস্থ ৯ দশমিক ৭৬ মিটার। জমি অধিগ্রহণসহ এই সড়কে একটি সেতু ও চারটি কালভার্ট নির্মাণেরও প্রস্তাব দেওয়া হয়। এ জন্য জমি অধিগ্রহণসহ ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি টাকা।
সূত্রটি আরও জানায়, বাইপাস সড়কটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি টাকা। প্রকল্প প্রণয়নের পর তা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হলেও অনুমোদন মেলেনি। সে সময় শহরের বুক চিরে নির্মিত পলাশবাড়ী-গাইবান্ধা-বালাসী ঘাট সড়কটি ফিডার রোড হিসেবে চিহ্নিত ছিল। যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ফিডার রোডে বাইপাস সড়ক হয় না। তাই মন্ত্রণালয় বাইপাস সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু ২০০৫ সালে এই সড়কটি আঞ্চলিক মহাসড়ক হিসেবে স্বীকৃতি পায়। এর ফলে ফিডার রোডের দোহাই দিয়ে বাইপাস সড়ক নির্মাণের বাধা কেটে যায়। তার পরও বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি আলোর মুখ দেখেনি। প্রতিদিনই শহরে প্রায় ২৫ হাজার রিকশা ও আটোরিকশা চলাচল করে।
শহরের সুখনগর এলাকার কলেজশিক্ষক সাখাওয়াৎ হোসেন বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে না।
গাইবান্ধা পৌরসভার মেয়র শামছুল আলম বলেন, যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের জন্য জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সওজ বিভাগকে বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।