দিনটি ছিল শুধুই গণিতপ্রেমীদের। সকালের হিমেল হাওয়ার সঙ্গে মিষ্টি রোদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা খুদে গণিতপ্রেমীদের চোখে-মুখে গণিতকে জয় করার স্বপ্ন। গতকাল শুক্রবার ঢাকার মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসব-২০১২ ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড।উৎসবে ছিল বাসন্তী রঙের ছড়াছড়ি। সেই রঙের ছোঁয়া লেগেছিল উৎসবে আসা শিশু-কিশোরদের মাঝে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শত শত শিশু-কিশোর দাঁড়িয়ে ছিল গোল হয়ে। একগুচ্ছ রঙিন বেলুন মাঝখানে, পাশাপাশি অনেকের হাতেই একটি একটি করে। সবার গায়ে হলুদ টি-শার্ট। এক দুই তিন বলার সঙ্গে সঙ্গেই সবাই বেলুনের সুতা ছেড়ে দিল। মুহূর্তেই বেলুনগুলো উড়াল দিল আকাশপানে।ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে।দেশের ১৭টি শহরে আয়োজিত আঞ্চলিক গণিত উৎসব থেকে নির্বাচিত আট শতাধিক প্রতিযোগী এতে অংশ নিচ্ছে। উৎসবের প্রথম দিন প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ উৎসবের শেষ দিনে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দ্বিতীয় বাংলাদেশ রুবিক কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সবশেষে হবে সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।কাল সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও গণিত অলিম্পিয়াডের পতাকা ওড়ানোর মাধ্যমে উৎসবের সূচনা হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার হ্যারল্ড বি রড্রিকস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই শিক্ষাপ্রতিষ্ঠান শুরু থেকেই গণিত উৎসবের সঙ্গে কাজ করছে। গণিত উৎসবের ফলে শিক্ষার্থীদের গণিতভীতি কমে এসেছে। আশা করি, আগামী দিনে এমন উৎসবের মাধ্যমে তা আরও অনেক কমবে।’বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘প্রথম যখন গণিত অলিম্পিয়াড শুরু করেছিলাম, তখন আমরা কল্পনাও করিনি একদিন এই প্রতিযোগিতা এমন বড় আকার ধারণ করবে। এটা কেবল একটি প্রতিযোগিতাই নয়, গণিতের উৎসবও। গণিতচর্চা শিক্ষার্থীদের শক্ত ভিত তৈরি করে দেয়, যারা গণিতে ভালো হয়, তারা সব বিষয়ে ভালো ফলাফল করতে পারে।’ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ আশাবাদী হয়ে ওঠেন খুদে গণিতপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা দেখে। বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে, তারই ধারাবাহিকতায় এই উৎসবের শুরু থেকেই আমরা পৃষ্ঠপোষকতা করে আসছি। এই উৎসবের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গণিত শেখো, স্বপ্ন দেখো—এই স্লোগান দিয়ে আমরা গণিত উৎসব শুরু করেছিলাম। গত ১০ বছরে এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের সংখ্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১০০টির বেশি দেশ অংশ নেয়। কিন্তু বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে গণিতকে কেন্দ্র করে এত বড় উৎসব হয় না। এ দেশ থেকে যারা আন্তর্জাতিক পর্যায়ে গণিতে ভালো করছে, তারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাচ্ছে। বাংলাদেশের অনেক সংকটের মধ্যেও এ দেশের শিক্ষার্থীরা ভালো করছে, এরাই এ দেশকে সামনে এগিয়ে নেবে।’উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক রেজাউর রহমান, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।যখন পরীক্ষা শুরু: শিক্ষার্থীরা অপেক্ষায় ছিল পরীক্ষা শুরু হবে কখন। ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে দলে দলে তারা শ্রেণীকক্ষে চলে যায়। প্রশ্ন হাতে পাওয়ার পর দেখা গেল কেউ কেউ মাথায় হাত দিয়ে ভাবছে! আবার সঠিক উত্তর খুঁজে পাওয়ার আনন্দে অনেকের মুখে হাসি দেখা গেল। তবে বাইরে তখন অনেক অভিভাবকের চোখে-মুখে ছিল উৎকণ্ঠার ছাপ।রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী আরিফ ইশতিয়াকের মা মির্জা শামিমা নাসরিন বললেন, ‘আমার ছেলে এ পর্যন্ত চারবার জাতীয় উৎসবে অংশ নিয়েছে। প্রতিবারই পরীক্ষার হলে যাওয়ার সময় আমার টেনশন হয়। তবে সব সময়ই আশাবাদী আমি। আমার বিশ্বাস, ও এবারও ভালো করবে।’দুপুরের খাবার পর্বের সময় একটা স্থানে বেশ জটলা দেখা গেল। কাছে যেতেই দেখা গেল, শিশু-কিশোরেরা ঘিরে ধরেছে তাদের প্রিয় ব্যক্তিত্ব জাফর ইকবাল স্যারকে। একটা অটোগ্রাফ আর সঙ্গে একটা ছবি তোলা—এই তাদের আবদার! জাফর ইকবালও তাদের আবদার মেটাতে কার্পণ্য করলেন না।ওয়াটার রকেট: গণিত উৎসবে শিক্ষার্থীদের জন্য আগ্রহের আরও একটি বিষয় ছিল ‘ওয়াটার রকেট’ নিক্ষেপ। মঞ্চ থেকে ঘোষণা এল, এখন রকেট ছোড়া হবে। সবাই যেন নড়েচড়ে উঠল। সবার চোখ আকাশের দিকে। রকেট ছোড়ার সঙ্গে সঙ্গে তা আছড়ে না পড়া পর্যন্ত শিক্ষার্থীরা গলা ফাটিয়ে চিৎকার করে গেল পুরোটা সময়। সাংস্কৃতিক উৎসব: এই শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসবের আয়োজন ছিল বিকেলে। গানের পাশাপাশি আবৃত্তি করা হয় আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা ‘মাগো ওরা বলে’। ‘ধান বানিরে নতুন ধানের চিড়া’—এই গানের সঙ্গে নাচ করে শিক্ষার্থীরা।শেষে চমক: সবাইকে অবাক করে দিয়ে শেষ বিকেলে উপস্থিত হলেন দাবার দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। শিক্ষার্থীরা তাঁদের কাছে জানতে চাইল, দাবার কোন ঘুঁটি বেশি শক্তিশালী? অবস্থানভেদে যেকোনো ঘুঁটিই শক্তিশালী—বললেন গ্র্যান্ডমাস্টাররা। একজনকে কত কম চালের মধ্যে হারানো সম্ভব? দাবা পাঠ্যসূচির মধ্যে আনা হয় না কেন? গ্র্যান্ডমাস্টারদের এমন আরও নানান মজার মজার প্রশ্নের বাণ ছুড়ে দিচ্ছিল শিক্ষার্থীরা।বিদায়বেলা গ্র্যান্ডমাস্টাররা শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘কম্পিউটার গেম আর ভিডিও গেম কম খেলে বেশি বেশি গণিত আর দাবার চর্চা করো।’আজ উৎসবের শেষ দিনে মূল্যায়ন পর্বে পরীক্ষার খাতায় গণিত সমাধানে কে কতটা এগিয়ে, সেটাই এখন দেখার বিষয়!