
ফুলে ফুলে ভরে আছে কর্নেল মোয়াজ্জেম হোসেনের কবর। পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছেন বৃদ্ধ মা। দাদির পাশে মোয়াজ্জেমের দুই ছেলে। তাঁদের মতো অনেকেই গতকাল মঙ্গলবার সকালে যান বনানীর সামরিক কবরস্থানে। শোকে, শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করেন না-ফেরার দেশে চলে যাওয়া প্রিয়জনদের।
পিলখানা হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্তি হয়েছে গতকাল মঙ্গলবার। বিপথগামী জওয়ানদের বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের দেওয়া ফুলে ছেয়ে যায় বনানীর সামরিক কবরস্থান।
নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে সামরিক আনুষ্ঠানিকতাও ছিল গতকাল। সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা বনানীর সামরিক কবরস্থানে ছিলেন। কিন্তু সবকিছু ছাপিয়ে ক্ষোভ ছিল নিহতদের পরিবারের স্বজনদের। তাঁদের অভিযোগ, নারকীয় এ ঘটনার দিনে এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনের আয়োজন বড়ই বেমানান। এ নিয়ে পরিবারের লোকজনের ক্ষোভের অন্ত নেই।
কবরস্থানে আসা নিহত কর্নেল লুৎফর রহমানের বাবা হাবিবুর রহমান বলেন, এই দিনটিকে সেনা শহীদ দিবস ঘোষণা করা হোক। লুৎফর রহমানের বোন তাসলিমা আহমেদ দিনটিকে রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান।
নিহত কর্নেল মোয়াজ্জেম হোসেনের ছেলে সাদির হোসেন বলেন, এমন একটি দিনে ক্রিকেট খেলার আয়োজন কোনোভাবেই শোভা পায় না।
বিদ্রোহের সময় প্রাণে বেঁচে আসা লে. কর্নেল (অব) কামরুজ্জামান বলেন, ‘আসামিদের বিচার হলো কিন্তু ঘটনার নেপথ্যে কারা ছিল, তা আর জানা গেল না।’
পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের বেশির ভাগেরই দাফন হয়েছে বনানীর সামরিক কবরস্থানে। কয়েকজনকে তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। কবরস্থানের মাঝামাঝি এক সারিতে এসব কর্মকর্তাকে দাফন করা হয়। সবার আগে বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রীর কবর।
কবরগুলো সারি করে বাঁধানো হয়েছে সিরামিকের ছোট দেয়াল আর স্টিলের রেলিং দিয়ে। মাঝে কালো সিরামিক লাগানো স্মৃতিস্তম্ভ। তাতে তিন সারিতে নিহত সব কর্মকর্তা ও সদস্যদের নাম লেখা। এই নামফলকের বেদিতেই সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।
সকাল নয়টার আগে বনানীর সেনা কবরস্থানে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। আসেন নিহতদের পরিবারের সদস্যরাও।
নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
আওয়ামী লীগের পক্ষে ফারুক খান, এ বি তাজুল ইসলামসহ নেতারা শ্রদ্ধা জানান। সাবেক রাষ্ট্রপতি এরশাদও ফুল দিতে যান।
ফুল দেওয়ার পর নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। তাঁদের স্মরণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সেনা মসজিদের ধর্মীয় শিক্ষক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার ও দলের পক্ষ থেকে নিহতদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে পিলখানা দিবস উপলক্ষে বর্ডার গার্ড সদর দপ্তর ও দেশের সব সেনানিবাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।