দিনদুপুরে অস্ত্রের মুখে ৩০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোম্পানির ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল বিকেলে নগরের ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত পারভেজ (২২) ও হেলাল (২৫) হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুটি কার্তুজ ও ম্যাগাজিন রাস্তায় পড়ে আছে। টাকা হারিয়ে রাস্তায় বসে কাঁদছেন দুই যুবক। ছিনতাই হওয়া টাকাগুলো আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান সাইফুল অ্যান্ড কোম্পানির।
ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানদার হারুন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন দুই যুবক। তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে তাঁদের গতি রোধ করে। তাঁদের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের বাধা দেওয়া হয়। এ সময় ছিনতাইকারীরা গুলি করার চেষ্টা করে। কিন্তু গুলি না হওয়ায় কার্তুজ ও ম্যাগাজিন নিচে পড়ে যায়। পরে ছিনতাইকারীরা ওই যুবকদের চাপাতি দিয়ে কুপিয়ে টাকাভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার যুবকেরা জানান, জিইসি মোড় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করে নগরের রেয়াজউদ্দিন বাজার ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তাঁরা। জমিয়াতুল ফালাহ এলাকায় তাঁদের রিকশার গতি রোধ করে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার এসআই কামরুজ্জামান জানান, পাঁচ লাখ টাকার বেশি কেউ বহন করলে পুলিশের সাহায্য নিতে পারে। কিন্তু এতগুলো টাকা নেওয়ার সময় তাঁরা রিকশায় করে কেন যাচ্ছেন, তা রহস্যজনক মনে হচ্ছে। তা ছাড়া টাকার মালিকের পক্ষ থেকে পুলিশকে কোনো ধরনের তথ্য দেওয়া হচ্ছে না। এতেই মনে হচ্ছে, টাকাগুলো হুন্ডির হতে পারে। পুলিশ টাকার মালিকের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।