দিনদুপুরে গুলি করে তিন লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীরা ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে তিন লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার মিরপুর ৭ নম্বরে এই ঘটনা ঘটে। গুলিতে গুরুতর আহত ব্যবসায়ী আতিকুর রহমান (৪০) ও তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহীদুল্লাহকে (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দারুসসালাম থানার মাজার রোডের একটি করাতকলের অংশীদার আতিকুর রহমান ও ব্যবস্থাপক শহীদুল্লাহ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় করে আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে মিরপুর ৬ নম্বর সেকশনে তিনটি মোটরসাইকেলে চড়া ছয়-সাত ছিনতাইকারী তাঁদের পথ আটকায়। এরপর ছিনতাইকারীরা দুজনেরই ঊরুতে গুলি করে কাগজের প্যাকেটে ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন শহীদুল্লাহ বলেন, ‘আমি মালিককে বলি, আমাদের ব্যারিকেড দিল কেন? বলতে না বলতেই ছিনতাইকারীরা প্রথমে মালিক ও পরে আমাকে গুলি করে। তারা এরপর আমার কাছ থেকে প্যাকেটভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়।’ আহত আতিকুরের বোনের স্বামী আজম খান করাতকলটির অন্যতম মালিক। প্রথম আলোকে আজম খান বলেন, কাছের লোকজনই এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে চেষ্টা চলছে।