দিনদুপুরে দোকানে ঢুকে স্বর্ণালংকার লুট, ব্যবসায়ীকে গুলি
দিনদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকান থেকে অলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ব্যবসায়ী সুমন কর্মকারকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার পুরান ঢাকার সূত্রাপুর থানার গোয়ালনগরে এ ঘটনা ঘটে।গতকাল দুপুর দুইটার দিকে তরুণ বয়সী আট-দশ দুর্বৃত্ত কোতোয়ালি থানার ৭১ গোয়ালনগরে ‘মেসার্স রতন স্বর্ণ বিতান’ নামের প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। তারা দোকান মালিক সুমন কর্মকার ও কর্মচারী দয়াল কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে অলংকার লুট করে। সুমন বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে অস্ত্র উঁচিয়ে পাশের গলি দিয়ে চলে যায়।স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্বজনেরা তাঁকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করায়।ঢাকা মেডিকেলের চিকিত্সকেরা বলেন, নাক দিয়ে ঢোকা গুলি সুমনের মাথার পেছনে আটকে আছে। তাঁর অবস্থা সংকটজনক।দোকান কর্মচারী দয়াল সাংবাদিকদের বলেন, ‘তরুণ বয়সী আট-দশজন দোকানে ঢুকে বলে, কেউ নড়চড় করবি না, যা আছে বের করে দে। এরপর তাদের একজনের কাছে থাকা একটি ব্যাগ থেকে প্রত্যেকে একটি রিভলবার ও পিস্তল বের করে হাতে নেয়। আমি গহনা তৈরি করছিলাম। সুমন ক্যাশে বসে ছিলেন। দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে আমার (দয়াল) কাছ থেকে পাঁচ ভরি ওজনের গহনা ও সুমনের গলায় অস্ত্র ঠেকিয়ে সিন্দুক থেকে অলংকার নেয়। সুমন বাধা দিলে তারা দুটি গুলি ছোড়ে। একটি গুলি নাকে লাগে। তারা বেরিয়ে যাওয়ার সময় আমাকে কিল-ঘুষি ও লাথি মারে।’ দয়াল জানান, তিনি যুবকদের চেনেন না। সবার বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে হবে। স্বর্ণের দোকানের পেছনে সুমনদের বাসা। চিত্কার শুনে বাসার লোকজন বেরিয়ে এলেও অস্ত্রের ভয়ে তাঁরা কেউ এগোতে সাহস পাননি।সুমনের বাবা রতন কর্মকার দাবি করেন, এটি ডাকাতির ঘটনা নয়। স্বর্ণের দোকানের পেছনে তাঁর বাসা। ডাকাত ঢুকলে সবাইকে মারধর করে দোকান ও বাসার সবকিছু লুটপাট হতো। দুর্বৃত্তরা শুধু দোকানের সামনে যা পেয়েছে তা নিয়ে গেছে। তিনি দাবি করেন, ৭১ গোয়ালনগরের দোকান ও বাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। তিনি জমির বৈধ মালিক বলে গতকাল আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন। এর আগেও আদালত তাঁর পক্ষে রায় দেন। গতকাল ঘটনার সময় তিনি আদালতে ছিলেন। পূত্রবধূর কাছে গুলির খবর পেয়ে তিনি বাসায় ছুটে আসেন। ধারণা করা হচ্ছে, আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ এ হামলা করতে পারে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বলেন, প্রথমে তাঁরা একে ডাকাতি বলেই মনে করেছিলেন। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। তবে স্বর্ণের দোকানের মালিক রতন কর্মকার প্রতিপক্ষের নাম জানাতে ভয় পাচ্ছেন।