দিনদুপুরে ব্যবসায়ীর সাড়ে ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের পুলহাট এলাকায় প্রকাশ্যে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা ছিনতাই করেছে। আজ রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হওয়া ব্যবসায়ী আবদুস সালাম (৪৫) জানান, সদর উপজেলার শিকদারগঞ্জ হাটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া স্থানীয় চেরাডাঙ্গী এলাকায় রাইস মিল আছে। বেলা তিনটার দিকে তিনি শহরের ন্যাশনাল ব্যাংক থেকে সাড়ে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে শিকদারহাটে যাচ্ছিলেন। পথে ঈদগাহ আবাসিক এলাকায় বড় পুল নামে একটি এলাকা পার হওয়ার পর পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাঁর গতিরোধ করে। ছিনতাইকারীরা রিভলবার দেখিয়ে তাঁর টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি ব্যাগটি ছাড়তে চাননি। এ সময় ছিনতাইকারীরা রিভলবার থেকে একটি ফাঁকা গুলি করে। ব্যাগ না ছাড়লে মাথায় গুলি করা হবে বলে ছিনতাইকারীরা তাঁকে ভয় দেখায়। পরে তিনি প্রাণের ভয়ে টাকাভর্তি ব্যাগ ছেড়ে দেন। ব্যবসায়ী আবদুস সালাম আরও জানান, ছিনতাইকারীরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ছিনতাই ও গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে ব্যবসায়ী আবদুস সালাম থানায় মামলা করবেন বলে প্রথম আলোকে জানান।