দিনদুপুরে রেলওয়ের গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা!
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে দুর্বৃত্তরা দিনদুপুরে রেলওয়ের অন্তত আটটি বড় গাছ কেটে নিয়ে গেছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত আরও তিনটি গাছ কাটার প্রস্তুতি চলছিল। এর মধ্যে শতবর্ষী শিরীষগাছ রয়েছে। গত শুক্রবার এসব গাছ কাটা শুরু হয় বলে এলাকাবাসী জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশন পাহাড়তলী এলাকায় রাস্তা সম্প্র্রসারণের কাজ করছে। রেলওয়ের অনুমতি নিয়ে এ উন্নয়ন করা হচ্ছে বলে করপোরেশন সূত্রে জানা গেছে। করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী অভিযোগ করেছেন, স্থানীয় দুর্বৃত্তরা এই সুযোগে গাছ কেটে চুরি করে নিয়ে যায়।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, একদল শ্রমিক বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে থাকা বিশাল আকারের একটি শিরীষগাছের শাখা-প্রশাখা কাটছেন। স্থানীয় দোকানদারেরা জানিয়েছেন, গাছটির বয়স কমপক্ষে ১০০ বছর। রেলওয়ের শহীদ শাহজাহান মাঠলাগায়ো দুটি গাছ কেটে ফেলা হয়েছে শুক্রবার। গতকাল এই গাছের টুকরা নিয়ে যান শ্রমিকেরা।
রেলওয়ে জাদুঘরের সামনের রাস্তার দুই পাশে দুটি গাছ কাটা হচ্ছে। প্রথমে এসব গাছের শাখা-প্রশাখা কাটা হয়। ব্যস্ত সড়কেই রাখা হয়েছে কাটা গাছের অংশ। ফলে গাড়ি চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। গাছ কাটায় নিয়োজিত শ্রমিক জামাল উদ্দিন বলেন, সিটি করপোরেশন রাস্তা সম্প্র্রসারণ করছে। তাই গাছ কাটা হচ্ছে।
রাস্তার এক পাশে সম্প্রসারণের কাজ চললেও দুই পাশ থেকে অন্তত ছয়টি গাছ কেটে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা শুক্রবার রাতেই গাছের কাটা অংশ সরিয়ে নেয় বলে জানান স্থানীয় লোকজন।
রাস্তা সম্প্রসারণের জন্য কোনো গাছ কাটা হয়নি বলে জানিয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবু সালেহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা রাস্তা সম্প্রসারণ করছি এক পাশে। গাছ কাটতে হবে বলে অন্য পাশের সম্প্রসারণকাজ বাদ দিয়েছি। তবে করপোরেশনের নাম দিয়ে স্থানীয় গাছচোরেরা রাস্তার দুই পাশ থেকে গাছগুলো কেটে নিচ্ছে। গত বৃহস্পতিবারও আমি গাছগুলো দেখে এসেছি।’
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুব উল আলম প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা রেলওয়ের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পেয়েছি। গাছ কাটা বন্ধ করতে লোক পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
করপোরেশন সূত্রে জানা গেছে, ছয় কোটি টাকা ব্যয়ে পাহাড়তলী এলাকায় তিনটি সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। গত জানুয়ারি মাসের শেষের দিকে এই উন্নয়ন কার্যক্রম শুরু হয়। ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ উপলক্ষে যানজট নিরসনের জন্য এসব সড়ক উন্নয়নের উদ্যোগ নেয় করপোরেশন।