দিনদুপুরে শিক্ষকের বাসায় ডাকাতি
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র অগ্নিবীণা সড়কের মাজমাদারপাড়ায় এক কলেজশিক্ষকের বাসায় গতকাল বৃহস্পতিবার দিনের বেলায় ডাকাতি হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ডাকাত দল বাড়িতে ঢোকে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।বাড়ির মালিক ঝিনাইদহ কলেজের প্রভাষক তোফাজ্জেল হোসেন। তিনি জানান, তিনি ও তাঁর স্ত্রী সকালে অফিসের উদ্দেশে বেরিয়ে যান। বাড়িতে থাকেন তাঁর বৃদ্ধ মা-বাবা ও ছোট দুই মেয়ে। বেলা সাড়ে ১১টার দিকে বোরকা পরা এক নারী বাড়ির কলবেল চেপে দরজা খুলতে বলেন। তাঁর মেয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে পেছনে থাকা ১০-১২ জনের মুখোশধারী ডাকাত ঘরের ঢুকে দরজা আটকে দেয়। এরপর সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ঘরের আলমারি, শোকেচের মালামাল তছনছ করে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান দ্রুত ঘটনাস্থলে আসেন। তিনি জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগির আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।