দিনবদল মানে পানির চেয়েও কম দামে কৃষককে সার দেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সারের জন্য ছয় হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সেচের জন্য ডিজেলেও বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এ সবই করা হচ্ছে দরিদ্র কৃষকদের ভাগ্যের উন্নয়নে। দিনবদলের জন্য। দিনবদল মানে পানির চেয়েও কম দামে কৃষকদের সার দেওয়া, শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেওয়া ও বিজ্ঞানীদের আবিষ্কারে প্রণোদনা দেওয়া।শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে গতকাল শনিবার আইএফডিসির কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের (আপি) উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, গুটি ইউরিয়া প্রযুক্তি প্রসারের ফলে বাংলাদেশে বর্ধিত কৃষি উৎপাদনশীলতা, কৃষকদের খাদ্যনিরাপত্তা ও আয় বৃদ্ধিতে সহায়তা করবে। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএফডিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অমিত এইচ রায়, ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর ডেনিস শরমা ও ইউরেশিয়া বিভাগের পরিচালক জন এইচ অলগুড।