আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ওবায়দুল কাদের বলেছেন, ভাষণ দিয়ে আসন বাড়বে না, আসন বাড়বে আচরণ দিয়ে। বঙ্গবন্ধু কন্যার দিনবদলের অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে আমাদের মনকেও বদলাতে হবে। এই দিনবদল মানে মন্ত্রী-এমপিদের ভাগ্যবদল নয়, নেতা-কর্মীদের পকেট ভারী করাও নয়, ১৬ কোটি মানুষের ভাগ্যবদল।গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মিসভার আয়োজন করা হয়।বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারিখ দিয়ে কখনো আন্দোলন হয় না, সরকারেরও পতন ঘটানো যায় না। খালেদা জিয়া সংবিধান ছুড়ে ফেলার কথা বলে জনপ্রিয়তা হারিয়েছেন।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাংসদ ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশ যখন বিদ্যুৎ ঘাটতি পূরণের দ্বারপ্রান্তে তখন বিরোধীদলীয় নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। কারণ, তাঁরা দেশের মানুষকে খাম্বা দিয়েছেন কিন্তু বিদ্যুৎ দিতে পারেননি। সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবু, চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন কিরন প্রমুখ।