দিনবদলের জন্য দিলবদলের প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও দেশে ঈদুল আজহার বৃহত্তম জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এ বছর ১৮৪তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দিনবদলের জন্য মানুষের ‘দিলবদলের’ প্রার্থনা করা হয়। সততা ও নিষ্ঠার সঙ্গে দিল বদল করে দেশের জন্য সবাইকে কাজ করতে মোনাজাতে বিশেষভাবে বলা হয়।ঈদের দিন সকাল থেকে কিশোরগঞ্জ ও আশপাশের এলাকাসহ দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা শোলাকিয়া মাঠে আসতে শুরু করেন। সকাল নয়টায় জামাত শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করায় দূরের মুসল্লিরা সহজেই মাঠে আসতে পেরেছেন।জামাতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিচার বিভাগ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিসহ এক লাখের বেশি মুসল্লি অংশ নেন।শোলাকিয়ার জামাতকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পতাকা লাগিয়ে নতুনরূপে সাজানো হয় কিশোরগঞ্জ শহরকে। জেলা প্রশাসন বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে।পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, এবারের জামাতে ৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশ ছিল। ২৮টি গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে মুসল্লিদের মাঠে ঢোকানো হয়।মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, কোরবানি নিয়ে ব্যস্ত থাকার পরও লক্ষাধিক লোকের সমাগম হয়।১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লির সমাগম ঘটে। সোয়া লাখ থেকেই এ মাঠের নাম শোলাকিয়া হয়েছে। দিন দিন এর প্রচারণা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই মুসল্লিদের সমাগম বাড়ছে।