দিনবদলের ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগোত ভোটের সমায় বিড়ি, চা অনেক খাচি। খাইলে মনটা দুর্বল হয়। অ্যাতে করি খারাপ মানুষ ভোটোত জিতি লুটিপুটি খায়। ক্ষতি হয় হামার। এলাকার উন্নতি হয় না। সেই জন্যে এবার হামরা আর খাবার চাই না। ভালো মানুষ দেকি ভোট দেমো। এইটেয় মনোত শপথ নেচি।’ কথাগুলো রংপুরের বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের ভোটার ইদ্রিস আলীর (৪২)। ইদ্রিস আলী একজন ভ্যানচালক। কষ্টার্জিত স্বল্প আয়ে চলে তাঁর পাঁচ সদস্যের সংসার। একই গ্রামের দিনমজুর ভোটার মজিবর রহমান (৪৬)। তিনি বলেন, ‘ভোট আসলে টাকার খেলা জমে। কয় টাকা আর দেয় ভোট পোরতি! ৫০, না হয় ১০০। এই কয়টা টাকা না নিলে হামরা কি না খায়া মরি যামো? এবার ভোটোত টাকা দেলেও নিবার নেই।’ শুধু ইদ্রিস ও মজিবরই নন, বদরগঞ্জ পৌর নির্বাচনে এবার সাধারণ ভোটারদের মধ্যে এমন ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আগের মতো ভোটাররা প্রার্থীর পেছনে চা-পান, বিড়ি বা টাকা পাওয়ার আশায় ছুটছেন না। প্রার্থীরাও বিলি করছেন না বিড়ি-সিগারেট। নির্বাচনী কার্যালয়গুলোতেও আপাতত ভোটারদের কোনো রকম আপ্যায়ন করা হচ্ছে না। ‘ভোট মানে পান, বিড়ি ও চা। মিষ্টির দোকান ও হোটেল গভীর রাত পর্যন্ত মানুষের ভিড়ে জমজমাট থাকত। প্রার্থীর বাড়িতে সারা দিন চলত খাওয়া-দাওয়া। এসব ছাড়া ভোট কখনো জমত না। এবার তা নেই। ব্যতিক্রম দেখা যাচ্ছে।’ কথাগুলো বললেন শাহাপাড়া গ্রামের ভোটার অরবিন্দু রায়। শাহাপুর মাস্টারপাড়া গ্রামের মোন্নাফ আলী বলেন, ‘আগের মতো এবার ভোটের বাজার উত্তপ্ত নয়। মিছিল-মিটিং নাই। বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁর দেয়ালে ভোটের লেখা বা পোস্টার নেই। যেন সুন্দর ঝকঝকা, তকতকা ভোট।’বিএনপি সমর্থিত তরুণ মেয়র প্রার্থী কমল লোহানী বলেন, ‘আগে কখনো ভোটে দাঁড়াইনি। কিন্তু দেখেছি গণসংযোগে গেলে সাধারণ অনেক ভোটার প্রার্থীকে ঘিরে চা-পানের টাকা আর বিড়ি চাইত। গত নির্বাচনেও এর প্রচলন ছিল। কেন জানি হঠাৎ করে পৌর নির্বাচনে এবার পরিবর্তন দেখছি। ভোটাররা এসব কিছু চাচ্ছেন না। বলছেন, ভালো মানুষ দেখে ভোট দেওয়ার কথা।’ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা বলেন, ‘কয়েকবার ভোট করেছি। কিন্তু এবার ভোটারদের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ করছি। কেউ আর চা, পান আর বিড়ির আশায় বসে থাকেন না। ভোটের বাজার থেকে চা, বিড়ি বিদায় নিয়েছে। এতে প্রার্থীদের নির্বাচনী ব্যয় অনেকটা কমে গেছে।’মেয়র প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘গতবার পৌর নির্বাচনে প্রার্থী হয়ে অল্প ভোটে হেরেছি। তখনো ভোটারদের দেখেছি। তখনকার ভোট আর এবারকার ভোটের মধ্যে অনেক পার্থক্য। এবার নির্বাচনে ভোটারদের আচার-আচরণে মনে হচ্ছে যেন সবাই দিনবদলের ভোটার।’ মেয়র প্রার্থী আজিজুল হক বলেন, ‘সাধারণ ভোটাররা অভ্যাস পরিবর্তন করলে একদিকে যেমন কালো টাকামুক্ত ভোট হবে, অন্যদিকে ভবিষ্যতে ভালো মানুষ ভোট করতে আসবে। এতে সাধারণ মানুষই উপকৃত হবে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালায় ভোটারদের কোনো রকম আপ্যায়ন, নগদ টাকা বা বিড়ি-সিগারেট বিতরণ করা যাবে না। তবে এবারের নির্বাচনে ভোটাররা নিজেরাই এসব পরিহার করছেন বলে আমরাও লক্ষ করছি। বলা যায়, এটা দিনবদলের হাওয়া।’