দিনবদলের রাজনীতির কথা দিয়ে সরকার নামবদলের রাজনীতির দিকে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি ১৮ ফেব্রুয়ারি ঢাকার মুক্তাঙ্গন এবং দেশের প্রতিটি জেলা সদরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর ‘হামলা-মামলার’ প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা ঘোষণা করেন।বিএনপির এ নেতা মন্তব্য করেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে সরকার প্রমাণ করেছে, তারা দিনবদলের রাজনীতির কথা দিয়ে এখন নামবদলের রাজনীতির দিকে ফিরে যাচ্ছে।ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করছে। এ জন্য ইচ্ছে করেই তাঁর নিরাপত্তাব্যবস্থা নাজুক করে রেখেছে। সরকার একটি ‘রেজিমেন্টেড’ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও দলটি অভিযোগ করে।মির্জা ফখরুল বলেন, ‘সরকার জাতীয়তাবাদী শক্তির দুর্গে আঘাত হেনেছে। তারা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। তা ছাড়া অতি সাম্প্রতিক সময়ে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর সরকারদলীয়দের হামলা-মামলা ও প্রশাসনের ধরপাকড় শুরু হয়েছে।’সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল করে সিলেট অঞ্চলে ইসলাম প্রচারকারী সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ স্বৈরশাসকদের নামে কোনো স্থাপনা বা প্রতিষ্ঠানের নাম থাকা উচিত নয়—এ মর্মে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে বলা হয়।খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তাঁর কার্যালয়ের সামনে বোমা পুঁতে রাখা হয়েছে দাবি করে মির্জা ফখরুল এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সোমবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, এগুলো বোমা নয়। আতঙ্ক সৃষ্টির জন্যই এগুলো সেখানে রাখার উদ্দেশ্য বলে তাদের ধারণা।ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।