দিনবদলের সনদ বাস্তবায়নের কর্মকাণ্ডে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনবদলের সনদ বাস্তবায়নে সরকারের কর্মকাণ্ডে অগ্রগতি নেই। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনাও নেওয়া হয়নি। দিনবদলের জন্য যেসব কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে, বর্তমানে সরকারের অগ্রাধিকার তালিকায় সেগুলো নেই। গতকাল রোববার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘দিনবদলের সনদের অঙ্গীকার ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এই অভিমত দেন।জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই আলোচনার সঞ্চালক ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, ‘দিনবদল হচ্ছে, সে রকম কোনো মেসেজ সরকারের কর্মকাণ্ডে আমরা পাই না। তবে হাতে এখনো তিন বছর আছে। এ সময়ে সরকার অনেক কিছু করতে পারে।’আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে বলা হয়েছে, সরকার গত দুই বছরে জনগণের আস্থা অর্জন করার মতো কোনো কাজ করতে পারেনি। মূলত দিনবদলের সনদ বাস্তবায়ন সরকারের ‘রাডার’ থেকে সরে গেছে।প্রবন্ধে আরও বলা হয়, সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে, সরকারি দলের অঙ্গ-সংগঠনের চাঁদাবাজি ও টেন্ডারবাজি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স-প্রবাহ আগের চেয়ে অনেক কমে গেছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী না করে উল্টো এর ক্ষমতা কমানোর প্রক্রিয়া চালানো হচ্ছে, বিদ্যুৎ খাতের কর্মকাণ্ডে গতি নেই, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ হলেও জেলহত্যা মামলার বিচার শুরু হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে, প্রশাসনে চরম দলীয়করণ চলছে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় কমিটিগুলো নিষ্ক্রিয় এবং তথ্য কমিশন গঠিত হলেও সরকারের অনেক প্রতিষ্ঠান তথ্য সরবরাহে অপারগতা জানাচ্ছে।তবে প্রবন্ধে বঙ্গবন্ধু হত্যার বিচার, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু, জঙ্গিবাদ দমন এবং শিক্ষা, কৃষিসহ আরও কিছু ক্ষেত্রে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে।আলোচনায় প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সুজনের মূল প্রবন্ধে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের চিত্র নেই। এতে নেতিবাচক দিক বেশি উঠে এসেছে। সরকারের যথেষ্ট সফলতাও আছে। তবে এটা সত্য, অসাম্প্রদায়িক অর্থনৈতিক উন্নয়নমূলক সমাজ গঠনই বর্তমান সরকারের দিনবদলের অঙ্গীকার ছিল; সরকারের গত দুই বছরের কাজে এর কোনো প্রতিফলন নেই।আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার আগেই একজন মন্ত্রী কিসের ভিত্তিতে বললেন, যেকোনো মূল্যে সেখানে বিমানবন্দর হবে। নতুন করে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, তার চেয়ে নতুন চাহিদার পরিমাণ বেশি। আসলে দিনবদল সরকারের বোধের মধ্যে নেই। অন্তত সরকারের কর্মকাণ্ড এ বিষয়ে আশার সঞ্চার করে না।আলোচনায় আরও অংশ নেন বিচারপতি কাজী এবাদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, অধ্যাপক কামাল আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, ব্যারিস্টার সারোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায় প্রমুখ।