দিনবদলের সারথি জাহান আরা বেগম আর নেই
ক্ষুদ্রশিল্পের বড় উদ্যোক্তা কুমিল্লার বিশিষ্ট নারীনেত্রী জাহান আরা বেগম আর নেই। ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে তিনি কুমিল্লা শহরের নানুয়া দিঘীরপাড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।গতকাল রোববার দুপুর দেড়টার দিকে শহরের নবাববাড়ী মাঠে তাঁর প্রথম জানাজা হয়। শহরের শুভপুরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুমার কুলখানি হবে আগামী বুধবার আসরের নামাজের পর।জাহান আরা বেগম ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা ছিলেন। তাঁকে নিয়ে ২০০৩ সালের ৮ নভেম্বর প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন ছুটির দিনে ‘দিন বদলের সারথি’ শিরোনামে এবং ২০০৮ সালের একই দিনে দুটি মূল রচনা প্রকাশিত হয়।