দিনবদলের সনদ বাস্তবায়নে সরকার বেশির ভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সরকারের মেয়াদের এক-তৃতীয়াংশের বেশি সময় পার হয়ে গেলেও দিনবদলের সূচনাই হয়নি। গড়ে ওঠেনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। উপরন্তু বেড়েছে প্রতিপক্ষের প্রতি অসহিষ্ণুতা ও প্রতিহিংসা।গতকাল সোমবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ‘দিনবদলের সনদ: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করা হয়।বৈঠকে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ‘দিনবদলের সনদ: প্রাপ্তি ও অগ্রগতি’ নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়, নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকার দিনবদলের কথা বললেও দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দারিদ্র্য ও বৈষম্য নিরসন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হয়েছে। তবে প্রতিবেদনে যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকর, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত শুরু, কৃষি এবং বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে কতিপয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রশংসা করা হয়।আলোচনায় সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ভোটাভুটির ক্ষেত্রে প্রযোজ্য, মতামতের ক্ষেত্রে নয়। কিন্তু সমস্যা হচ্ছে, ৭০ অনুচ্ছেদ শুধু সংসদের ভেতরেই নয়, বাইরেও কাজ করছে। যে কারণে রাজনীতিকেরা আত্মবিশ্লেষণ থেকে দূরে সরে গেছেন।প্রসঙ্গত, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, ‘সরকারের দেওয়া প্রতিশ্রুতির তেমন কোনো অগ্রগতি হয়নি। দিনবদলের কোনো লক্ষণ নেই। বরং জাতিকে এমনভাবে বিভক্ত করা হয়েছে, যে কারণে দেশের অস্তিত্ব নিয়ে ভয় পাচ্ছি। দেশের জনপ্রশাসন বিধ্বস্ত হয়ে পড়েছে। নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি ইত্যাদি সঠিকভাবে করা না হলে প্রশাসনও কাজ করতে পারে না।’সুজনের নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ বলেন, আওয়ামী লীগের দিনবদলের প্রতিশ্রুতি পাঁচ বছরে বাস্তবায়ন করা কঠিন। তবে প্রতিশ্রুতির ২৫ শতাংশ পূরণ করতে পারলে তাদের সফল ধরা যেত, কিন্তু সেটা তারা করতে পারেনি। নাটোরে যেভাবে গুইসাপ-শেয়ালের মতো উপজেলা চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটা সভ্য জগতে হয় না। তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতার জবাবে বিরোধী দলের যা করা দরকার ছিল, তারা তা করতে পারেনি। সরকার ফ্যাসিজমের পক্ষে অবস্থান নিয়েছে, গণমাধ্যম তা তুলে ধরেছে। গণমাধ্যমের বিরুদ্ধে যা করা হয়েছে, তা আইনের শাসনের পরিপন্থী। আইনের শাসনের পরিপন্থী কাজগুলোকে সরকার একধরনের পদ্ধতিতে পরিণত করেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের একটাই প্রশ্ন, দিনবদল কোথায়? আমরা আলোর বদলে অন্ধকারে যাচ্ছি। আজও দেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সংসদ অকার্যকর। পরিত্রাণের একমাত্র উপায় সংসদকে কার্যকর করা। সে জন্য বিরোধী দলকে সংসদে ফেরানোর ব্যবস্থা করতে হবে।’ আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না সুজনের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, সুজন সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেছে। কিন্তু এই পরিস্থিতিতে করণীয় কী, সে বিষয়ে কোনো দিকনির্দেশনা দেয়নি। তিনি আরও বলেন, বর্তমানে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে তোষামোদ। দলকে সমৃদ্ধ করার জন্য দলীয় নেতা-কর্মীদের দলের ভেতরে-বাইরে এই সংস্কৃতি পরিবর্তনের আন্দোলন করতে হবে।সুজনের সম্পাদক এস এম শাহজাহানের সঞ্চালনায় এই গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন আ স ম আবদুর রব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সুজনের নির্বাহী সদস্য জাকির হোসেন, কামাল আতাউর রহমান, রেহানা সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমুখ।