দিনব্যাপী ঘোড়দৌড়, তাসমিনায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় গতকাল দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পাবনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৪০টি ঘোড়া। ছবিটি পাবনার নবনির্মিত রেলস্টেশন থেকে তোলা l প্রথম আলো
পাবনায় গতকাল দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পাবনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৪০টি ঘোড়া। ছবিটি পাবনার নবনির্মিত রেলস্টেশন থেকে তোলা l প্রথম আলো

তৃতীয় ধাপে এসে ঘোড়া থেকে ছিটকে পড়েন তাসমিনা (১৫)। জেতার স্বপ্ন ভেস্তে যায় তার। আর হৃদয় ভাঙে হাজার দর্শকের। যেন হেরে গেলেন তাঁরাই। দর্শক সারিতে তখন শুধুই মাতম। শেষ পর্যন্ত তাঁদের শান্ত করতে ছোট ভাইয়ের সঙ্গে ঘোড়া নিয়ে দৌড়ায় তাসমিনা। করতালি আর উচ্ছ্বাসে মুগ্ধ হন সবাই।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেলে পাবনার দক্ষিণ শালগাড়িয়া মহল্লায় নবনির্মিত পাবনা রেলস্টেশনে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায়। স্বাধীনতার মাস উদ্যাপন উপলক্ষে পাবনা জেলা কৃষক লীগ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান। দিনব্যাপী প্রতিযোগিতায় পাবনা, নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৪০টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় নওগাঁর ধামইরহাটের চকসুবল গ্রামের সেই ঘোড়সওয়ার তাসমিনা। তৃতীয় ধাপের আগ পর্যন্ত নিজেকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে সে। তৃতীয় ধাপে এসে ঘোড়া থেকে ছিটকে পড়ে বাদ যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় ও চূড়ান্ত ধাপ শেষে প্রতিযোগিতায় বিজয়ী হয় পাবনার মালঞ্চি ইউনিয়নের শ্যামপুর গ্রামের লুৎফর রহমানের ঘোড়া ‘শ্যামপুর এক্সপ্রেস’। প্রতিযোগিতায় রানারআপ হয় বগুড়ার ধুনট গ্রামের মোহাম্মদ কারীর ঘোড়া ‘সূর্য লাল’।
জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন প্রমুখ।