দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে বিএনপি। দিনটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করে। ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ১০ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। গত ২৯ মে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৭ জুন পর্যন্ত। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল কর্মকর্তার হাতে জিয়াউর রহমান নিহত হন। দিনটি উপলক্ষে গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে বিএনপি। এ ছাড়া বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় দৈনিকগুলো দিবসের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশ করে। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। পরে তিনি সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিল ও মোনাজাতে শরিক হন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সরকার জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করছে। এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিরোধী দলের আন্দোলন দমনের চেষ্টা করছে। তিনি বলেন, ২৭ জুন হরতালসহ বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিলে পরিণতি ভালো হবে না। বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর খালেদা জিয়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোহাম্মদপুর টাউন হল বাজারসংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি রায়েরবাজার, সাতমসজিদ রোড, জিগাতলা জাগরণী ক্লাব, কলাবাগান, নিউমার্কেট, লালবাগ বালুর মাঠ, পোস্তার মোড়, পিলখানা স্টাফ কোয়ার্টার, কাপ্তান বাজার, নবাবপুর, ইত্তেফাক মোড়সহ রাজধানীর ৫৪টি স্থানে খাবার বিতরণ করেন। আগামী দুই দিনে আরও ৭০টি স্থানে খাবার বিতরণ করা হবে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ওপর তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী মহিলা দল জিয়ার কবর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিনা মূল্যে দুস্থদের চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়।