দিনব্যাপী শিক্ষার্থীদের উচ্ছলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও প্রযুক্তির প্রতি উৎসাহ জিইয়ে রাখতে শিক্ষার্থীদের অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। একই দিন টাঙ্গাইলে শিক্ষার্থীদের উচ্ছল উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে আয়োজিত হয় একই উৎসব। বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আযিযুল হক কলেজ (নতুন ভবন) চত্বরে শহীদ মিনারের পাশে এই উৎসব আয়োজিত হয়। টাঙ্গাইলে শিক্ষার্থীদের মেলা বসে শহরের মাহমুদুল হাসান আদর্শ কলেজে।বগুড়ায় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগান সামনে রেখে আযিযুল হক কলেজ চত্বরে সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। সঙ্গে শিক্ষক ও অভিভাবকেরাও। বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয় উৎসব। উদ্বোধন করেন আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ। তিনি বলেন, সারা দেশ এখন ইন্টারনেট উৎসব। হাতের মুঠোয় আঙুলের ডগায় এখন সারা বিশ্ব দেখা যাচ্ছে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, এখনো দেশের অধিকাংশ মানুষ ইন্টারনেট সম্পর্কে জানে না। এ জন্য সচেতনতা বাড়াতে হবে। সেই সচেতনতার কাজটি করার দায়িত্ব নিয়েছে গ্রামীণফোন-প্রথম আলো। গ্রামীণফোনের বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক তৌহিদুর রহমান তালুকদার বলেন, ‘ইন্টারনেট এখন আমাদের হাতের নাগালের মধ্যে। এখন কাগজে লিখে আবেদন করার দিন শেষ হয়ে এসেছে। দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। এই উৎসবের মাধ্যমে ইন্টারনেট জিনিয়াস বের হয়ে আসবে। সারা দেশে এ রকম ১০১ জন ইন্টারনেট জিনিয়াস বের হয়ে আসবে।’ অনুষ্ঠানে প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান বলেন, আজকের এই উৎসবের পথ ধরে সারা দেশ ইন্টারনেটের আলোয় আলোকিত হয়ে উঠবে। আলোচনার পর শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করে। প্রথম আলো ও গ্রামীণফোনের বিভিন্ন কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় উৎসবের প্রধান আকর্ষণ আই-জিনিয়াস নামের কুইজ প্রতিযোগিতা। বগুড়ার আযিযুল হক কলেজ ছাড়াও শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রতিযোগীদের ইন্টারনেটসহ মুঠোফোনে গ্রামীণফোন ব্যবহার করে ওয়েবসাইট ঘেঁটে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ‘আই-জিনিয়াস’ প্রতিযোগিতায় বগুড়া থেকে বিজয়ী হয়েছে বিয়াম মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাশিদ আবিদ। কলেজের অধ্যক্ষ ছালামত উল্লাহ তার হাতে সনদ তুলে দেন। প্রথম আলোর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে প্রথম আলোর পক্ষ থেকে একটি উপহার তুলে দেওয়া হয়। এর আগে গ্রামীণফোনের পক্ষ থেকে আযিযুল হক কলেজের অধ্যক্ষের কাছে গ্রামীণফোনের একটি মডেম ও সংযোগের আনুষঙ্গিক জিনিস তুলে দেওয়া হয়। আই-জিনিয়াস প্রতিযোগিতার পাশাপাশি চলে নানা ধরনের কুইজ ও গেম খেলা। আই-জিনিয়াস পর্ব পরিচালনা করেন গ্রামীণফোনের ইভেন্ট ম্যানেজার শামিউল হক আসিফ। তাঁকে সহযোগিতা করেন আসাদুল্লাহ হাবিব খান পাঠান ও আবু বক্কর সিদ্দিক। উৎসবে আযিযুল হক কলেজ ছাড়াও অংশ নেয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল ও কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল ও কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, ওয়াই এমসি স্কুল, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ। বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে গ্রামীণফোন ও প্রথম আলোর স্টল ছিল। এসব স্টলে প্রতিষ্ঠান দুটির ইন্টারনেটভিত্তিক নানা কার্যক্রম ও উদ্যোগ প্রদর্শন করা হয়। বগুড়ার প্রথম আলো বন্ধুসভা তাদের স্টলে সদস্য সংগ্রহ করে। উৎসব আয়োজনে সহযোগিতা করে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ও গ্রামীণফোনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। টাঙ্গাইলে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাহমুদুল হাসান আদর্শ কলেজে উৎসব শুরু হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মো. ছোহরাব হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে অধ্যক্ষ মো. ছোহরাব হোসেন বলেন, ইন্টারনেটের কল্যাণে জগৎ এখন মানুষের হাতের মুঠোয়। এই প্রযুক্তিকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উৎসব খুব সহায়ক ভূমিকা পালন করবে। উদ্বোধনী পর্বে গ্রামীণফোনের ময়মনসিংহ অঞ্চলের প্রধান মো. সিরাজ উদ্দিন লস্কর, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর বক্তব্য দেন। এরপর মাহমুদুল হাসান কলেজ ও আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় ইন্টারনেট জিনিয়াস খুঁজে বের করার প্রতিযোগিতা। গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন স্পেশালিস্ট জিয়াউল হক ও এস এম ফিরোজ আল মামুনের সঞ্চালনায় আটটি দলে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্রাউজ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। প্রতি দল থেকে বিজয়ী একজন করে নিয়ে শেষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল শাহরিয়ার উৎসবে ইন্টারনেট জিনিয়াস নির্বাচিত হয়।উৎসবে শিক্ষার্থীদের পাশাপশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরাও অংশ নেন। উৎসবে সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলোর টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা।