
মোমবাতি প্রজ্বালন, শোভাযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ছিটমহল বিনিময়ের প্রথম বার্ষিকী। বিলুপ্ত ছিটমহলের চার জেলা কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে এসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ১৬২টি ছিটমহলের বিনিময় হয়। বাংলাদেশের অভ্যন্তরে ছিল ১১১টি ছিটমহল। এর মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬, কুড়িগ্রামে ১২ ও নীলফামারীতে চারটি। বাকিগুলো ভারতের।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় রোববার রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালানো হয়। গতকাল সোমবার আয়োজন করা হয় নৌকাবাইচ, হাডুডু, লাঠিখেলাসহ নানা অনুষ্ঠানের। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ আন্দোলনের পর এক বছর আগের মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণ করতে সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় রোববার মধ্যরাতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকালে মিলাদ মাহফিল হয়েছে। দিনভর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দ-আয়োজনে দিনটি উদ্যাপন করা হয়।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, ‘বঞ্চনার জীবন থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের নাগরিক হয়েছি। এক বছর আগের সেই মাহেন্দ্রক্ষণ আজ আমরা আনন্দের সঙ্গে স্মরণ করছি।’
পঞ্চগড়: রোববার রাত ১২টা ১ মিনিটে সদর উপজেলার রাজমহলে (বিলুপ্ত গারাতি ছিট) মফিজার রহমান কলেজ মাঠে শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়া হয়। এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বাংলাদেশ ইউনিটের নেতা মো. মফিজার রহমানসহ কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। পরে আতশবাজি পোড়ানোর উৎসব হয়। গতকাল সকালে মফিজার রহমান কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী দীনা। এরপর কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় বিজয় শোভাযাত্রা। এটি গ্রামের বিভিন্ন পথ ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
নীলফামারী: ডিমলা উপজেলার বিলুপ্ত চার ছিটমহলের বাসিন্দারা ৩১ নম্বর নগর জিগাবাড়ির জয়নাল আবেদীনের বাড়ির সামনে অনুষ্ঠানের আয়োজন করেন। গতকাল সকালে ইউএনও মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিজয় শোভাযাত্রা বের করা হয়।
পরে বিলুপ্ত নগর জিগাবাড়ি ছিটমহলের বাসিন্দা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিলুপ্ত ছিটমহল বড় খানকি খারিজা গিদালদহের মিজানুর রহমান, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): গতকাল সকালে পাটগ্রাম উপজেলার বাঁশকাটা নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান শফি কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর প্রমুখ।
এদিকে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলার মুজিব-ইন্দিরা নগর সমশেরপুরে (সাবেক ৪ নম্বর বড়খেঙ্গির ছিটমহল) শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় অধিবাসীরা। শপথ পড়ান বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি গোলাম মতিন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।