‘শ্রমিক-মালিক ভাই ভাই, দেশের চাকা ঘোরাতে চাই’—এ রকম নানা ব্যানার-ফেস্টুনে সেজেছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। পোশাকশ্রমিক মেলাকে ঘিরে এই সাজসজ্জা। গতকাল শুক্রবার দিনব্যাপী এখানে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের মেলা। মেলার উদ্বোধনের আগে গাজীপুরে আগুনে পুড়ে নিহত ২১ শ্রমিকের স্মরণে তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন।তৈরি পোশাক রপ্তানিকারীদের সংগঠন বিজিএমইএ এই মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনে পরাজিত শক্তি এবং স্বাধীনতাবিরোধীরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সজাগ থাকার পাশাপাশি তাদের কঠোর হাতে দমন করতে হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালিক-শ্রমিক নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কারখানার নিরাপত্তায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবমুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বক্তব্য দেন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক-শ্রমিক সম্পর্কের ওপর জোর দেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ মেলার বিভিন্ন পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় শ্রমিকেরা নাচে-গানে দিনভর আনন্দে মেতেছিলেন।