দিনভর আনন্দ-আড্ডায় শতবর্ষ পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর গণি মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে গতকাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
চাঁদপুর গণি মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে গতকাল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

দিনভর আড্ডা, হইহুল্লোড়, স্মৃতি রোমন্থন, দলে দলে ছবি তোলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে গতকাল শনিবার চাঁদপুর গণি মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। একইভাবে গতকাল মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল নয়টার মধ্যে চাঁদপুর গণি মডেল উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ হাজারো প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয়। সাড়ে নয়টায় জাতীয় সংগীত বাজিয়ে সবাই একই স্থানে সমবেত হন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের বয়োবৃদ্ধ প্রাক্তন শিক্ষার্থী ভাষাসৈনিক এম এ গফুর। এরপর নবীন-প্রবীণ সব শিক্ষার্থী নেচে, গেয়ে, ছবি তুলে আনন্দ-আড্ডায় মেতে ওঠেন। বেলা ১১টায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূর জাহান মুক্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সজিত রায় নন্দী, চাঁদপুর জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল প্রমুখ। পরে বিকেল পর্যন্ত চলে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা। সন্ধ্যার পর স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সকাল নয়টায় বেলুন উড়িয়ে শতবর্ষ পূর্তির উৎসবের উদ্বোধন করেন তৎকালীন জমিদার রাজকুমার রায় চৌধুরীর বংশধর অমিয় রায় চৌধুরী। সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, সেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা। সবার চোখে-মুখে খুশির ঝিলিক। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে নানা অনুভূতি প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন কমিটির সমন্বয়ক এনামুল হক ও সফিকুল ইসলাম বলেন, শোভাযাত্রা, আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা আয়োজনে ওই উৎসব পালিত হয়। বিদ্যালয়ের ১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে দেওয়া হয় সম্মাননা পুরস্কার। সকাল ১০টায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবল সখা ভট্টাচার্যের সভাপতিত্বে ও পিন্টু সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) মাহবুব আলী, উপসচিব সৈয়দা সালমা জাফরীন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহসিন মৃধা, প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্যাহ, শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।