হারাগাছে পুলিশের ধাওয়ায় তরুণের মৃত্যু
দিনভর উত্তেজনা, বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের ধাওয়া খেয়ে আজিজুল ইসলাম (২৭) নামের এক তরুণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার দিনভর ছিল উত্তেজনা ও থমথমে পরিস্থিতি। দুপুরে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ এলাকাবাসীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এ ছাড়া পৌর এলাকার ব্যবসায়ীরা গতকাল সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে ওই তরুণের হত্যার প্রতিবাদ জানান।
এদিকে ঘটনার তদন্তে উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুকের নির্দেশে পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট এস এম রশিদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হক বাজার এলাকার আনিসুল ইসলামের ছেলে আজিজুলের মৃত্যুর প্রতিবাদে গতকাল সকাল থেকে পৌর এলাকার দোকানপাট বন্ধ ছিল। এলাকার বিক্ষুব্ধ জনগণ দফায় দফায় বিক্ষোভ করে। বেলা একটার দিকে হক বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ ছাড়া হারাগাছের প্রধান সড়কজুড়ে টায়ারে আগুন লাগিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এমন পরিস্থিতিতে বিভিন্ন সড়ক ও রাস্তার মোড়ে অবস্থান নেওয়া পুলিশ সরে পৌরসভা ভবনে অবস্থিত পুলিশ ক্যাম্পে অবস্থান নেয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক রবী শংকর মণ্ডল প্রথম আলোকে বলেন, নিহত আজিজুল ইসলামের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজিজুলের মা রাশেদা বেগম বলেন, ‘আমার ছেলের মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ময়নাতদন্ত শেষে আজিজুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই ঘটনার পর নয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, হারাগাছ পৌর এলাকার হক বাজার এলাকার গণি মার্কেটে জুয়া খেলার আসরে গত শনিবার রাতে হামলা করলে পুলিশের তাড়া খেয়ে আজিজুল মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর পুলিশ তাঁকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।