দিনভর উদ্বেগ-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটিও নয়, হরতালও নয়। নিয়মিত কর্মদিবস। তা সত্ত্বেও গতকাল রাজধানীর সড়ক ছিল প্রায় যানবাহনশূন্য। নিরাপত্তারক্ষী, গণমাধ্যমকর্মী ও গণপরিবহনের হাতেগোনা কিছু মোটরযান আর সামান্যসংখ্যক রিকশা। মোটরসাইকেল আরোহীরা দ্রুত ছুটেছেন পথ ফাঁকা পেয়ে। পরিস্থিতি থমথমে সকাল থেকেই। উদ্বেগ-আতঙ্কে ছিলেন প্রায় অবরুদ্ধ নগরবাসী।গতকাল রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে নগরের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। স্কুল-কলেজগুলো খোলা থাকলেও তার সামনে শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের নিত্যদিনের চেনা ভিড় দেখা যায়নি। তবে দুর্ভোগে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। পরীক্ষা থাকার কারণে ঘরে বসে থাকার উপায় ছিল না। পথে যানবাহনের স্বল্পতা। ভয়-শঙ্কা নিয়েই তারা পরীক্ষা শুরুর অনেক আগেই নির্দিষ্ট কেন্দ্রে এসে উপস্থিত হয়। দোকানপাট খুলতে কোনো মানা ছিল না, কিন্তু ছোট-বড় অনেক দোকানের ঝাঁপ বন্ধ। যেগুলো খোলা ছিল, তাতেও ক্রেতার উপস্থিতি নগণ্য। অফিসপাড়া বলে পরিচিত মতিঝিল, দিলকুশা, পুরানা পল্টন ও গুলিস্তান এলাকায় বিভিন্ন অফিসে কর্মরত লোকজনও দুর্ভোগের কবলে পড়েন। সকালে যে যেভাবে পেরেছেন, অফিসে এসেছেন। কিন্তু দুপুরের পর থকে এসব এলাকার পথ জনসমুদ্রে পরিণত হওয়ায় অনেকেই ছুটির পর অফিস থেকে বের হতে পারেননি। বিশেষত কর্মজীবী নারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সন্ধ্যার দিকে এ এলাকায় ব্যাপক ভাঙচুর ও অফিসের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকায় তাঁরা অফিসেই অপেক্ষা করতে থাকেন। বাড়িতে তাঁদের স্বজনেরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা রওশন আরা বেগম অপেক্ষা করছিলেন তাঁর অফিসে। সন্ধ্যা সাড়ে সাতটায় যখন তাঁর সঙ্গে কথা হলো, তখন মতিঝিল কার্যত যুদ্ধক্ষেত্র। নয়াপল্টনে তাঁর বাসা। কীভাবে ফিরবেন বুঝতে পারছিলেন না। ইস্টার্ন ব্যাংকের প্রধান শাখায় অটোক্লিয়ারিং শাখায় কাজ করেন ফখরুল ইসলাম। বাসা তিলপাপাড়ায়। তিনি জানালেন, ‘আমাদের শাখায় বেলা তিনটার মধ্যেই নারী কর্মজীবীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, যাতে তাঁরা বাসায় ফিরতে পারেন। আমার যে দায়িত্ব, তাতে হিসাব শেষ না হওয়া পর্যন্ত কর্মস্থল ছাড়ার উপায় নেই। কাজ শেষ করে এখন যে অবস্থা দেখছি, পথে নামার সাহস হচ্ছে না।’ বাসায় ফোন করে আটকে পড়ার খবর জানিয়েছেন খিলগাঁও চৌধুরীপাড়ার ব্যবসায়ী জামিউল হাসান। সকালে ব্যবসায়িক কাজে মতিঝিলে এসেছিলেন তিনি। আইএফআইসি ব্যাংকের পাশে জেড শাহ হাউস নামের একটি ভবনের চতুর্থ তলায় অপেক্ষা করছিলেন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে। বিকেলে তাঁর কাজ শেষ হলেও পরিস্থিতি তখন উত্তপ্ত হয়ে ওঠায় বাসায় ফিরতে পারেননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাসায় সবাই উদ্বিগ্ন হয়ে আছে। সাবধানে থাকতে বলছে। কিন্তু কতক্ষণ এ অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে হবে, ভাবতে পারছি না।’ বিকেলে নারী কর্মীদের কেউ কেউ বাসায় ফেরার পথে সমাবেশকারীদের হাতে অপদস্থ হয়েছেন বলে জানালেন অগ্রণী ব্যাংক ভবনের পাশের মঞ্জুরি ভবনের স্বত্বাধিকারী তানভীর হাসান। তাঁর ভবনের এক নারী কর্মী দুপুরে অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার চেষ্টা করলে হেফাজতের কর্মীরা তাঁকে অপদস্থ করেন। বোরকা পরে পথে নামতে বলেন। তানভীরের বাসা নিউ ইস্কাটনে। তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, একাত্তরে যেমন হয়েছিল, তেমনি যেন আজ রাজপথে যুদ্ধ হচ্ছে। এর মধ্যে আটকে পড়েছি।’উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর এমন দূরের এলাকার বাসিন্দাদের উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল। কারণ, পথে যানবাহন ছিল না অত দূরে যাওয়ার। একইভাবে উত্তরার দিক থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে আসতেও যানবাহনের সংকটে পড়ে ভুগতে হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আইরিন আসাদ জানান, অফিস ছুটির পর গতকাল বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছিল না। বাধ্য হয়ে অনেকটা দূর হেঁটে, খানিকটা পথ রিকশায় এভাবে তিনি মোহাম্মদপুরে তাঁর বাসায় ফেরেন।