দিনভর গানে গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-উৎসব হবে আর গান হবে না, তা কী করে হয়! হেমন্তের শিশিরভেজা ছুটির দিনের সকালে দেশের গান দিয়েই শুরু হয়েছিল প্রথম আলোর ১৬ বছর পূর্তি উপলক্ষে পাকঠদের নিয়ে সারা দিনের আনন্দযজ্ঞ ‘উৎসব ১৬ আনা, ষোলো পেরিয়ে সীমানা ছাড়িয়ে’।
বাংলা একাডেমির বর্ধমান হাউসের দক্ষিণ পাশের সবুজ ঘাসে ঢাকা মাঠে মূল মঞ্চ। সেখানে ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘ধনধান্য পুষ্পভরা’ সমবেত কণ্ঠে গেয়ে শোনালেন বাপ্পা মজুমদার, জুয়েল, পারভেজ, কনা, এলিটা ও কোনাল। একদল শিশু-কিশোরকে নিয়ে বাপ্পা মজুমদার গেয়ে শোনান প্রথম আলোর বর্ষপূর্তির মূল ভাবনা নিয়ে গান ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’।
বৈচিত্র্যে ভরা হরেক রকমের আয়োজন ছিল সারা দিন, প্রাঙ্গণজুড়ে। এর ফাঁকে ফাঁকে মঞ্চে গান হয়েছে, পরিবেশিত হয়েছে নাটক। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অঙ্গনের তারকারা এসে প্রথম আলোকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। তাঁদের মধ্যে ছিলেন তিশা, কোনাল, নাবিলা, এমিল, বিপাশা মতিন এবং তাসকিন ও নাসির হোসেন। এই পর্বের সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এরপর ছিল মধ্যাহ্নের বিরতি।
বিরতির পর বিকেলে অভিনেতা সাজু খাদেমের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন-৬-এর বিজয়ী আবু হেনা রনি কয়েকটি কৌতুক পরিবেশন করেন। এরপর গান গেয়েছেন মুন, সন্দীপন, নওরীন, পুলক, সাব্বির, নাজনীন মিমি, পূজা ও কর্নিয়া। প্রাচ্যনাট পরিবেশন করে নাটক স্বপ্নের বাংলাদেশ।
এর মধ্যে সম্পাদক আনিসুল হক উপস্থিত দর্শকদের মাঝে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জেতার খবর ঘোষণা করেন। এ সময় দর্শকেরা ‘ভি’ চিহ্ন দেখিয়ে ‘চার ছক্কা হই হই’ গানের তালে তালে মেতে ওঠেন।
সন্ধ্যাকালীন গানের আসর শুরু করেছিলেন ফরিদা পারভীন লালন সাঁইয়ের ‘কখন পাখি উড়ে যায়’ গেয়ে। লোকসংগীত আর শ্রোতাদের অনুরোধেরও গান ছিল কিছু, তবে মা মাটি দেশকে নিয়েই ভেসেছিল এ পর্বে সুরের সাম্পান। স্বাগতা, সভ্যতা, সন্ধি গেয়েছে সমবেত কণ্ঠে ‘আনন্দলোকে’, মমতাজ গেয়েছেন ‘আগে যদি জানতাম রে বন্ধু’, মাহামুদুজ্জামান বাবু গেয়েছেন ‘আমি বাংলার গান গাই’, বাউল সফি মণ্ডল গেয়েছেন ‘এসব দেখি কানার হাটবাজার, আসিফ আকবর গেয়েছেন ‘শাবাশ বাংলাদেশ’। অনুষ্ঠানে শ্রোতাদের আরও গান শুনিয়েছেন এস আই টুটুল, ন্যান্সি, দিনাত জাহান ও সালমা। এ পর্বে প্রথম আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুনিরা ইউসুফ মেমী, আরিফিন শুভ, ইবরার টিপু, ডি-রকস্টার শুভ, ইমন, আফরান নিশো, মেহরাব, ফারিয়া, কবির বকুল, ইরফান সাজ্জাদ, লিজা, শায়না আমিন, সুষমা, মীরাক্কেল খ্যাত জামিলসহ অনেকে। গানের সঙ্গে ছিল সবার জন্য নেসলের সৌজন্যে গরম স্যুপ আর কফি।