দিনভর তৎপর ছিল সরকারি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার সমাবেশে দেওয়া কর্মসূচির পর আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ডাকা সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এই আহ্বান জানান। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
গতকাল ১৮ দলের সমাবেশকে কেন্দ্র করে ‘রাজনৈতিক সতর্কতা’ হিসেবে রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ কার্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে মহড়া দিয়েছেন বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডির কার্যালয়ের আশপাশে। সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিলও করে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘হরতালের পথ পরিহার করুন। প্রধানমন্ত্রীর আলোচনার ডাকে সাড়া দিন। সংবিধানের পথে নির্বাচনে অংশ নিন।’ তিনি বলেন, গত পৌনে পাঁচ বছরে জামায়াত-শিবিরের ওপর ভর করে খালেদা জিয়া নৈরাজ্য করেছেন। মানুষের জান-মালের ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
নাসিম বলেন, বিরোধীদলীয় নেতা একবার বলছেন ২৫ অক্টোবর থেকে সরকার অবৈধ। এখন দুই দিন বাড়িয়ে বলছেন ২৭ অক্টোবর থেকে অবৈধ। কিন্তু জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য রায় দিয়েছেন। সংবিধান অনুযায়ী, এই সরকার আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ।
মাঠে ছিল আওয়ামী লীগ: ১৮-দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে দলীয় কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিয়ে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডির কার্যালয়ের আশপাশে মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে। তবে বিরোধী দলের কর্মীদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকার-সমর্থক নেতা-কর্মীরা বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন দল বেঁধে।
বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত হন সেখানে। বেলা ১১টার পর ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের একাধিক নেতা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জাহাঙ্গীর কবির বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংবাদিকদের বলেন, পরিবেশ অস্থিতিশীল করতে জামায়াত-শিবির তাদের ভাড়াটে গুন্ডাদের ঢাকায় নিয়ে এসেছে।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আলামত’ ভালো নয়। বিএনপি-জামায়াত যেভাবে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে, এতে তিনি শঙ্কা বোধ করছেন।