দিনভর ধর্মঘট, সন্ধ্যায় প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি ৫৫ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করাসহ ২০ দফা দাবিতে বৃহত্তর সিলেট অঞ্চলের চা-বাগানের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। শ্রমমন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

২০ দফা দাবির মধ্যে আরও রয়েছে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) দখলমুক্ত করা, চা-শ্রমিকদের ভিটাবাড়ির মালিকানার স্থায়ী অধিকার দেওয়া, রেশন হিসেবে পচা আটা দেওয়া বন্ধ করে উন্নত চাল প্রদান, বছরে দুটি উৎসব বোনাস প্রদান প্রভৃতি।

চা-সংগ্রাম কমিটির ব্যানারে গতকাল সকালে মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। অনেক বাগানে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেন। জেলার রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগান পঞ্চায়েত সদস্য লালন রাজভর বলেন, শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে ঘরে ফিরে যান। পাশাপাশি চা-বাগানের ছোট বাংলোর সামনে শ্রমিকনেতারা সমাবেশ করেন। এ ছাড়া উপজেলার করিমপুর, উত্তরভাগ, চাঁদভাগ, উদনা, আমিনাবাদসহ অন্যান্য চা-বাগানেও কর্মবিরতির পাশাপাশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলার তারপাশা, লংলাসহ মনু-লংলা ভ্যালির ২০টি বাগানে শ্রমিকেরা কাজে যোগ দেননি বলে চা-শ্রমিক সংগ্রাম কমিটি সূত্রে জানা গেছে।

সকাল ১০টায় সরেজমিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, পাত্রকলা ও কুরমা চা-বাগান ঘুরে দেখা গেছে, শ্রমিকেরা কারখানা ও কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন। কোথাও কোথাও শ্রমিকেরা বিক্ষোভ ও পথসভা করেন। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী জানান, বাধ্য হয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। কমলগঞ্জে মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) ২২টি চা-বাগানে কর্মবিরতি পালন করা হয়েছে।

গতকাল বেলা একটার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাপনাপাহাড় চা-বাগানের চার-পাঁচ শ নারী-পুরুষ শ্রমিক কাজ বন্ধ করে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন গোপাল বার্মা, বিটল সতনামী, মানিক বাউরি প্রমুখ। কাপনাপাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘এবার দীর্ঘ খরার পর বৃষ্টি হয়েছে। ফলে চায়ের নতুন কুঁড়ি গজাতেও দেরি হয়েছে। এখন ভরা মৌসুম। এই অবস্থায় শ্রমিকদের কর্মবিরতিতে আমরা বিপদে পড়ে গেছি। সময়মতো নতুন কুঁড়ি উত্তোলন করা না গেলে পরে শক্ত হয়ে যাবে। এতে চায়ের গুণগত মান নষ্ট হবে, পরিমাণও কমবে। সব মিলিয়ে চা-শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।’

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির অধীনে ১৭টি চা-বাগানে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। শ্রমিকনেতারা বলেন, বর্তমানে চা-শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, তা দিয়ে সংসার চলে না। সুরমা চা-বাগানের ১০ নম্বর সেকশনের সভাপতি বিশ্বজিৎ মুন্ডা বলেন, ‘দাবি না মানা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’ ওই চা-বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম বলেন, ‘এ কর্মসূচি শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার। এখানে আমাদের কিছুই করার নেই।’

শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে সচিবালয়ে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সঙ্গে চা-শ্রমিকনেতাদের জরুরি সভা হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরী, চা-শ্রমিক ইউনিয়ন লস্করপর ভ্যালির সভাপতি অবিরত বাকমি, চা জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি মণিশংকর কর্মকার, হবিগঞ্জ জেলা আদিবাসী ফোরামের সভাপতি স্বপন সাঁওতাল প্রমুখ।

রাম ভোজন কৈরী প্রথম আলোকে বলেন, আজ বুধবার থেকে চা-বাগানগুলোতে কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে। কর্মবিরতি একেবারে প্রত্যাহার হবে কি না, তা নির্ভর করছে ২৪ ঘণ্টার মধ্যে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় দখলমুক্ত হওয়ার ওপর।

[প্রতিবেদন তৈরি করেছেন মৌলভীবাজার, কমলগঞ্জ, জুড়ী, হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি]