দিনভর ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ, রাতে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সব রুটে গতকাল বুধবার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে কোনো যানবাহন গাইবান্ধা ছেড়ে যায়নি। এ ছাড়া ঢাকা, রংপুর, বগুড়াসহ অন্যান্য জেলা থেকেও কোনো যানবাহন আসেনি। ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।

এ ঘটনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাত পৌনে আটটায় জেলা প্রশাসক মো. আবদুস সামাদের সঙ্গে গাইবান্ধা মোটর মালিক ও শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে আলোচনার পর ওই ধর্মঘট স্থগিত করা হয়।

জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমানকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়।

একই দাবিতে ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরদিন রাতে তা স্থগিত করা হয়। জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবুল হোসেন গতকাল বিকেলে বলেন, বিজয় দিবসের কারণে ১৭ ডিসেম্বর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছিল। ওই সময়ের মধ্যে মারধর মামলার আসামিদের গ্রেপ্তার না করায় পুনরায় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হয়। তবে আবুল হোসেন গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের কারণে এ ধর্মঘট স্থগিত করা হয়।

এদিকে ওই ধর্মঘটের কারণে গতকাল দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। যাত্রীদের পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে জেলা শহরে ঢুকতে হয়। দুর্ভোগের শিকার কয়েজন যাত্রী বলেন, বাস নেই, অটোরিকশা ও রিকশা ভ্যান চলছে না। তাই বাধ্য হয়ে পাঁচ-ছয় কিলোমিটার হেঁটে শহরে ঢুকতে হচ্ছে।

গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ১৩ ডিসেম্বর এক সদস্য সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিনের বিরুদ্ধে বক্তব্য দেন। এ নিয়ে বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। ওই দিন বিকেলে আবুল খায়েরের সমর্থকেরা সভাপতির পক্ষের জেলা ট্রাক মালিক সমিতির সম্পাদক মোক্তাদুরের শহরের ডিবি রোডস্থ শ্যামলী পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা মোক্তাদুর, তাঁর ছোট ভাই বাবুল মিয়া, শ্যামলী কাউন্টারের ব্যবস্থাপক সুমন মিয়াকে মারধর করেন। পরে তাঁরা শাহজাদা আনোয়ারুল কাদিরের পক্ষের ব্যবসায়ী পিয়ারুল ইসলামের শহরের হকার্স মার্কেট এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এতে ছয়জন আহত হন। এ নিয়ে পিয়ারুল সদর থানায় মামলা করেন। এ মামলায় চারজন গ্রেপ্তার হন।