দিনভর পরিবহন ধর্মঘটে দুর্ভোগ, রাতে স্থগিত
গাইবান্ধার সব রুটে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার দিনভর পরিবহন ধর্মঘট পালিত হয়। ফলে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। তবে গতকাল রাতে জেলা প্রশাসকের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়।
জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমানকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ওই ধর্মঘট পালিত হয়। জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচির ডাক দেয়। এ ছাড়া একই ঘটনার প্রতিবাদে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানেও ধর্মঘট ডেকে দুপুরে স্থগিত করে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি।
সদর থানা-পুলিশ ও জেলা ট্রাক মালিক সমিতি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা হয়। সভায় এক সদস্য সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিনের বিরুদ্ধে বক্তব্য দেন। এ নিয়ে বণিক সমিতির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির ও সাবেক সভাপতি আবুল খায়েরের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে আবুল খায়েরের সমর্থকেরা সভাপতির পক্ষের জেলা ট্রাক মালিক সমিতির সম্পাদক মোক্তাদুরের শহরের ডিবি রোডের শ্যামলী পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা মোক্তাদুর, তাঁর ছোট ভাই বাবুল মিয়া, শ্যামলী কাউন্টারের ব্যবস্থাপক সুমন মিয়াকে মারধর করেন। পরে তাঁরা ব্যবসায়ী পিয়ারুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এতে ৬ জন আহত হন। এ নিয়ে পিয়ারুল ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। দুর্ভোগের শিকার শহরের ব্রিজ রোডের ব্যবসায়ী মতিন মিয়া বললেন, ‘গতকাল সকালে বগুড়া থেকে গাইবান্ধা শহরে ফিরছিলাম। কোনো যানবাহন না থাকায় তিন কিলোমিটার পথ হেঁটে বাসায় আসতে হয়েছে।’
শাহজাদা আনোয়ারুল কাদির বলেন, অনিয়মের কারণে সাবেক সভাপতির সদস্যপদ বাতিল হয়ে যাওয়ায় তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে শহরে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটান। তবে আবুল খায়ের বলেন, সমিতির সভা চলার সময়ে সাধারণ সদস্যরা মতামত ব্যক্ত করতে চাইলে বর্তমান সভাপতি বাধা দেন। তাঁর এই ভূমিকা নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতি হয়।
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন গতকাল রাত সাড়ে আটটার িদকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কারণে গতকাল রাত আটটায় জেলা প্রশাসক মো. আবদুস সামাদের মধ্যস্থতায় ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।